ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মওলা রনি পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি নির্বাচন কররো। বিএনপি একটি বড় দল যদি তারা মনোনয়ন দেয়, তাহলে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চাই। না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ নেব।’
সোমবার বাংলাদেশ প্রতিদিন-এর অনলাইনে একথা বলেন তিনি। এছাড়া এদিন দুপুরে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি। গোলাম মাওলা রনি তার ফেসবুকে লেখেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পাইনি এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার এক কট্রর সমর্থক হার্ট এ্যটাক করে মারা যায় যা আমাকে নিদারুন ভাবে আহত করেছে। আমার নির্বাচনী এলাকার হাজার হাজার নারী- পুরুষের কান্নায় গলাচিপা দশমিনার আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। অনেকে অসুস্থ্য হয়ে পড়েছেন।
উপরোক্ত অবস্থার প্রেক্ষিতে আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। মহান আল্লাহর ওপর নির্ভর করে নির্বাচনের মাঠে নামবো। দেখা হবে সবার সঙ্গে- এবং দেখা হবে বিজয়ে। এই আসন থেকে নানা আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মওলা রনি। পরে দলকে নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণে দলের ভেতরেই চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালের নির্বাচনে দল থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হন রনি। বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও খুব একটা সুবিধা করতে পারেননি।

























































