শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না : অ্যাটর্নি জেনারেল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৮


ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপিলে দণ্ড স্থগিত হলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। নির্বাচনে অংশ নিতে হলে খালেদা জিয়াকে মুক্তির পরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।

ড. মহিউদ্দিন খান আলমগীর এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নিম্ন আদালতে দশ বছর করে কারাদণ্ড হয়েছিলো, তারা নির্বাচন করেছেন, মন্ত্রী হয়েছেন, বহাল থেকেছেন। এছাড়াও, এরশাদের সাড়ে তিন বছরের কারাদণ্ড হয়েছিলো, তিনি কারাগার থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন- সেগুলো কি বেআইনি ছিলো?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “এরশাদের ব্যাপারে তো আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে। তার যে পদ সেটা খারিজ হয়ে গিয়েছিলো।”

“আর মহিউদ্দিন খান আলমগীর বা, মায়া- এদের ব্যাপারে সেই সময় এই সাবমিশনগুলো রাখা হয়েছিলো কী না এটা আমি বলতে পারবো না। এ ব্যাখ্যায় আমি এখন যাবো না। আমার সামনে যে মামলাগুলো সে মামলায় আমার বক্তব্য এগুলো,” যোগ করেন মাহবুবে আলম।

খালেদা জিয়া বা বাকি বিএনপি নেতাদের যে দণ্ডটা এখন আছে সেটা আপিল বিভাগ স্থগিত করে দিতে পারে, সেই সুযোগ কি রয়েছে?- এমন প্রশ্নের জবাবে তার মন্তব্য, “আপিল বিভাগ কী করবেন সেটা আমি বলতে পারি না। সাবমিশন হলো সংবিধানের ওপরে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি