শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালত চত্বরে বিএনপি প্রার্থী, প্রচারণায় আওয়ামী লীগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৮

ডেস্ক রিপোর্টঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন কিশোরগঞ্জ-৬ আসনের এমপি নাজমুল হাসান পাপন। অপরদিকে মামলার জামিনের জন্য নেতাকর্মীদের নিয়ে আদালতে প্রাঙ্গণে ছুটে চলেছেন বিএনপির মনোনিত প্রার্থী শরিফুল আলম।

মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে ভৈরব বিএনপির ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ জনকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল আলম বলেন, এখনো নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা তৈরি হয়নি। আমাদের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করা হচ্ছে। আজো আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে আওয়ামী লীগ প্রার্থী দীর্ঘদিন যাবত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় চা দোকান মিসকাত বলেন, আওয়ামী লীগ মিছিল মিটিং করে। গেরামে গেরামে উঠান বৈঠক করে। কিন্তু বিএনপিরে দেখি না। মনে ওয় দেশে বিএনপি নাই।

মিষ্টু মিয়া বলেন, মানুষ আওয়ামী লীগ বিএনপি বুঝে না। তারা ভোট দিতে চায়। অনেক দিন তারা ভোট দিতে পারে না। সুষ্ঠু নির্বাচন হলেই মানুষ খুশি। তবে সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ দেহি না। এহন মানুষ ভোট দিতে ডরায়।

উল্লেখ্য, কুলিয়াচর ও ভৈরব উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন। এটি জাতীয় সংসদের ১৬৭ সংসদীয় আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত ‘নৌকার’ প্রার্থী সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিএনপি ও জাতীয় ঐক্যফন্টের ধানের শীষের একমাত্র প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।

এছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল, বাংলাদেশ ইসলামী আন্দোলনের হাতপাখা মার্কা নিয়ে হাজী মোহাম্মদ মূসা খান ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ার মার্কায় রুবেল হোসেন।

কিশোরগঞ্জের অন্যতম এই আসনটিতে মোট ভোটার ৩ লাখ, ৩২ হাজার, ৬১৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার, ৮০১জন, ১ লাখ ৬৩ হাজার ৮১৩ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি