শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে: কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল ময়দানে বিশাল নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির তিনটি গুন- দুর্নীতি সন্ত্রাস খুন! মানুষ পুড়িয়ে মারা বিএনপির রাজনীতি। তাদের রাজনীতিকে আজ বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ধানের শীষ এখন মানুষের পেটের বিষ। সেনবাগের রাস্তায় দিয়ে যেতে শুনি ধানের শীষ এখন চিটা হয়ে গেছে। ধানের শীষে এখন আর ধান নেই। বিএনপি আবার ক্ষমতায় আসলে আবার হওয়া ভবন সুষ্টি হবে এবং দুর্নীতিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’

তিনি রবিবার দুপুরে নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ি আংশিক) আসনের সেনবাগ সরকারি পাইলট হাই স্কুল ময়দানে বিশাল নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি যদি আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে বাংলাদেশে একদিনে রক্তের নদী বইয়ে দেবে। লাশের পাহাড় সৃষ্টি করবে। আপনারা কি ১৫ আগস্ট ও ২১ আগস্ট খুনির দল এবং ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান ?’ এর জবাবে উপস্থিত হাজার হাজার জনতা না না ধ্বনি উচ্চারণ করেন।

এসময় তিনি বলেন, ‘তাহলে আগামী ৩০ তারিখের নির্বাচনে শেখ হাসিনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায়, মওলানা ভাসানীর নৌকায়, সোহরাওয়ার্দীর নৌকায়, শের-ই বাংলার নৌকায় ভোট দেবেন। আপনারা আমার কাছে সেই ওয়াদা দেন।’ এসময় দুই হাত তুলে উপস্থিত জনতা তুমুল করতালির মাধ্যমে হাঁ- সুচক জবাব দেন।

নোয়াখালী- ২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাহার উল্যা বাহার, সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে প্রতি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবে। প্রত্যেক পরিবারের একজন বেকার যুবককে চাকরি দেবেন- আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কাছে সেই ওয়াদা দিয়েছেন। ইতিমধ্যে সেনবাগ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় নিয়ে আসা হয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি