শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে অভিযোগ তোলা হচ্ছে : আছাদুজ্জামান মিয়া


প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে অভিযোগ তোলা হচ্ছে : আছাদুজ্জামান মিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীসহ নির্বাচনী কাজে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর চমৎকার সমন্বয় রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে তাদের প্রচারণা চালাচ্ছেন। প্রতিটি ভোটার যাতে নিরাপদে ও নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সে বিষয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করব।

মঙ্গলবার বড়দিন উপলক্ষে বনানীর হলি স্প্রিট চার্চ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ভোট কেন্দ্র বা অন্য কোন জায়গায় যাতে কেউ জনগণের নিরাপত্তা বিঘ্ন না করতে পারে সে ব্যবস্থা আমরা নিয়েছি। নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রচেষ্ঠা চালানো হচ্ছে। বাংলাদেশ সেনা বাহিনীর নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে অপপ্রচার চালানো হচ্ছে। যেকোন অপপ্রচার ও গুজব থেকে নগরবাসীকে সতর্ক থাকতে অনুরোধ জানান তিনি।

কমিশনার আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনও কোনও দল বা প্রার্থী অভিযোগ করছেন। এটা তাদের কৌশল। তারা এটা করতে পারে। তবে আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি এবিষয় নিয়ে মন্তব্য করবো না। আমি মনে করি বিরোধী পক্ষকে, নির্বাচন কমিশনকে কিংবা প্রশাসনকে একটি চাপের মুখে রাখার কৌশল এটি। এটা কোনও কোনও দলের স্ট্র্যাটেজিও হতে পারে।

নির্বাচনে ভোট চাওয়ায় কোনও প্রতিবন্ধকতা নেই মন্তব্য করে তিনি বলেন, একটি নির্বাচনকে শান্তিপূর্ণ করতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, পেশিশক্তি যারা প্রয়োগ করতে পারে, দখলবাজ, চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়িত্ব। আমরা সেই কাজটিই করে যাচ্ছি। ঢাকা মহানগর এলাকায় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বশস্ত্র বাহিনী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেক্টোরাল ইনকোয়ারি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগের তুলনায় এবার ঢাকায় সহিংসতা ও গোলোযোগ খুবই কম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি