
ডেক্স রিপোর্টঃ কুমিল্লা-১০ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় পথসভা করেন আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই গ্রামকে উন্নয়ন ও সমৃদ্ধির কেন্দ্রীয় দর্শন হিসেবে বিবেচনা করে এসেছে। স্বাধীন দেশে জাতির পিতা সংবিধানের ১৬ অনুচ্ছেদে নগর ও গ্রামের বৈষম্য ক্রমাগতভাবে দূর করার উদ্দেশ্যে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাস্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বলে অঙ্গিকার যুক্ত করেছিলেন। বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবে এবং থাকবে উন্নত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা।
মন্ত্রী বুধবার তার নির্বাচনী এলাকা কুমিল্লা-১০ সংসদীয় আসনের জামুয়া, হাজতখোলা ও বাগমারা এলাকায় পথসভায় এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘গ্রামে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আরও বাড়ানো ও নির্ভরযোগ্য করার লক্ষ্যে গ্রুপভিত্তিতে বায়োগ্যাস প্লান্ট ও সৌরশক্তি প্যানেল বসানোর উৎসাহ ও সহায়তা দেয়া হবে। গ্রাম পর্যায়ে কৃষিযন্ত্র সেবা কেন্দ্র ও ওয়ার্কশপ স্থাপন করে যন্ত্রপাতি মেরামতসহ গ্রামীণ যান্ত্রিকায়ন সেবা সম্প্রসারণ করা হবে এবং এসবের মাধ্যমে গ্রামীণ যুবক ও কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে উৎপাদনশীল কর্মসংস্থান করা হবে। অ-কৃষি খাতের এসব সেবার পাশাপাশি হাল্কা যন্ত্রপাতি তৈরি ও বাজারজাত করতে বেসরকারি খাতের প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সুবিধাসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, ‘দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, পুষ্টি সেবা নিশ্চিত করা একটি সরকারের মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে আগামীর সুস্থ সবল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ জোর দিচ্ছে নারী স্বাস্থ্য সচেতনতা, গ্রামীণ মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা সুলভ করার ওপর। আর এ জন্য দেশের প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রাপ্তি উন্নত করা হবে।’
পথসভায় সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

























































