শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সত্তরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন-২০১৮?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ # ‘সব দলের অংশগ্রহণটাই গুরুত্বপূর্ণ’ # ‘সত্তরে ছিলো স্বাধীনতার প্রশ্ন, ২০১৮- তে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ’
# ‘গণতান্ত্রিক ধারা স্থিতিশীল করার জন্য সুষ্ঠু নির্বাচন দরকার’ # ‘সত্তরের সঙ্গে আঠারোর তুলনার কারণ দেখি না’

নির্বাচনের মাত্র তিনদিন বাকি। প্রচার-প্রচারণায় সরব রাজনৈতিক দলগুলো। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যদিয়ে তাদের প্রচারণা এগিয়ে চলছে। ঐক্যফ্রন্ট প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগও দাবি করেছে। এর মধ্যেই জোর আলোচনা সবদিকে, নির্বাচন কি হবে? বিরোধী দলগুলো কি শেষ পর্যন্ত থাকবে নির্বাচনে? ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন কতোটা গুরুত্বপূর্ণ? অনেকেই বলছেন, সত্তরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে-২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন। একমত কি রাজনৈতিক বিশ্লেষকেরা?

শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের মতে, সব নির্বাচনই গুরুত্বপূর্ণ। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন আরও গুরত্বপূর্ণ। কারণ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিরোধী দলের অনেকেই অংশগ্রহণ করেনি।

সেই নির্বাচন তারা বর্জন করেছিলো। কিন্তু একাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করছে।

ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সত্তর সালের নির্বাচনে বাঙালির সামনে স্বাধীনতার প্রশ্নটি ছিলো। আর ২০১৮ সালের নির্বাচনের আগের প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ। সত্তরের নির্বাচনে বাঙালি বা তৎকালীন বাংলার মানুষ স্বাধীনতার পক্ষেই মত দিয়েছিলো, ২০১৮ সালের নির্বাচনে বাঙালি তথা বাংলাদেশের মানুষকে মত দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। সহিংসতার জন্য সব রাজনৈতিক দলই দায়ী। সংঘর্ষের প্রতিযোগিতা নয়, প্রতিদ্বন্দ্বিতা হবে।

সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান বলেন, ২০১৮ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ বটে। কারণ এখানে গণতান্ত্রিক ধারা স্থিতিশীল করার জন্য সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু এখন লক্ষণ খুবই খারাপ।

প্রতিদিনই বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে বিরোধীদলগুলোর নেতাকর্মীরা। আওয়ামী লীগের ওপর কেউ হামলা করছে না, নিজেরা নিজেরা মারামারির ফলে তারা আহত-নিহত হচ্ছে। তাদের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলা হচ্ছে। মারামারি হচ্ছে। তাদের মধ্যেকার দ্বন্দ্ব-সংঘাতের ফল এসব।

শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মনজুরুল ইসলাম বলেছেন, সত্তরের নির্বাচনের সঙ্গে ২০১৮ তথা একাদশ সংসদ নির্বাচন তুলনা হবে কেন? আমরা এখন স্বাধীন একটি দেশে বসবাস করছি। কিন্তু সত্তরে তো আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছিলাম। এখন যারা সত্তর আর আঠারোকে মিলিয়ে দেখছেন, তারা একাত্তরকে বিতর্কিত করেন। সত্তরের নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের জাতিসত্তার প্রকাশ ঘটিয়েছিলাম।

বিশ্বের কাছে প্রমাণ করেছিলাম আমরা নিয়মতান্ত্রিক জাতি। আমরা রাষ্ট্রক্ষমতায় যাবো, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করবো, এজন্য আমরা সংগ্রাম করছি। আমরা সহিংসতায় বিশ্বাস করি না। সত্তরের সবচেয়ে অহিংস নির্বাচন ছিলো বাংলাদেশের ইতিহাসে। ওই নির্বাচনের সঙ্গে একাদশ সংসদ নির্বাচনের তুলনা করার কোনো কারণ আমি দেখি না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি