ডেক্স রিপোর্টঃ অপেক্ষাকৃত তরুণ ৫ নেতা স্থান পাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটিতে জোবাইদা রহমানকে রাজনীতিতে সক্রিয় চান দলের নেতাকর্মীরা।
নির্বাচনের পর বিএনপি পুনর্গঠনের বিষয়টি সামনে আসার পরপরই জাতীয় স্থায়ী কমিটির শূন্যপদে কারা আসতে পারেন তা নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে। দলের সূত্র জানায়, সহসাই মূলদল পুনর্গঠন প্রক্রিয়া হাত দেবে না হাইকমান্ড। তার আগে অঙ্গ সংগঠনগুলো সাজানোর বিষয়ে ভাবছেন তারা। তবে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে স্থবিরতা সৃষ্টি হচ্ছে তা কাটাতেই তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে স্থায়ী কমিটির শূন্য পাঁচ পদ পূরণের চিন্তা করছেন দলের নীতিনির্ধারকরা। এই পাঁচ পদে যাদের নাম চাউর হচ্ছে তাদের মধ্যে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
এদিকে, বিএনপির রাজনীতিতে জিয়া পরিবারের বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমান সক্রিয় হবেন, দলের ভেতরে-বাইরে এই দাবি জোরালো হয়ে উঠছে দিন দিন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ডা. জোবাইদার সক্রিয় হওয়ার পক্ষে। এই নিয়ে প্রকাশ্যেই নিজের মনোভাব প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী।
ক্লিন ইমেজের জোবাইদা রহমান যাতে বিএনপির হাল ধরেন, দলের ভেতর থেকেও এক ধরনের চাপ রয়েছে। কিন্তু জিয়া পরিবারের অনাগ্রহের কারণেই তিনি রাজনীতিতে আসছেন না। তবে ইতিমধ্যে জোবাইদা দলের প্রাথমিক সদস্য পদ নিয়েছেন। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিঁথির রাজনীতিতে আগ্রহ রয়েছে। তাকে হয়তো এবার দলের জাতীয় নির্বাহী কমিটিতে আনার সম্ভাবনা রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর।
২০১৬ সালের ১৯ মার্চ জাতীয় কাউন্সিলের পর থেকে বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটির দুটি পদ ফাঁকা রেখেই কমিটি দেন খালেদা জিয়া।
বাকি ১৭ সদস্যের মধ্যে তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ ও এমকে আনোয়ার মারা গেছেন। ফলে বর্তমানে পাঁচটি পদ ফাঁকা। লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে দলে নিয়মিত সময় দিতে পারেন না। স্থায়ী কমিটির অপর সদস্য সালাহউদ্দিন আহমেদ কমিটি ঘোষণার আগে থেকেই ভারতে আছেন। কবে নাগাদ দেশে ফিরবেন তাও জানা যাচ্ছে না। স্থায়ী কমিটির কোনো বৈঠকে যোগ দিতে পারেননি। অন্যদিকে, দীর্ঘদিন ধরে সরকার ও দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন স্থায়ী কমিটির এমন দুই সদস্য অবসরে যেতে চান। ফলে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চলছে এক ধরনের স্থবিরতা।
খালেদা জিয়া কারাগারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। ফলে স্থায়ী কমিটির ৯টি পদ কার্যত অকার্যকর হয়ে আছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থায়ী কমিটির সদস্যদের চেয়ে থাকতে হয় লন্ডনের দিকে।
জানা গেছে, বেগম খালেদা জিয়া দলের সিনিয়র এক নেতাকে জানিয়েছেন দলের বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার জন্য।
বিএনপির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৯ মার্চ। ২০১৬ সালে ১৯ মার্চ ৬ষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে পাঁচ শতাধিক নেতাকে নিয়ে জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি তিন বছরের জন্য নির্বাচিত হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এ কমিটিই দায়িত্ব পালন করবে।


























































