শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেয়াল নির্মাণের অর্থ ছাড়াই সাময়িক শাটডাউন বন্ধে কংগ্রেস-ট্রাম্প চুক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ ছাড়াই মার্কিন সরকারের অচলাবস্থা নিরসনে দেশটির কংগ্রেসের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ফেডারেল এজেন্সিগুলোতে অর্থায়নে মাত্র ৩ সপ্তাহের জন্য দেশটির ইতিহাসে দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের অবসানে সম্মত হয়েছেন ট্রাম্প।

গত শুক্রবার মার্কিন সিনেট ও হাউস সর্বসম্মতিক্রমে শাটডাউন বন্ধে সম্মত হয়েছে। অচলাবস্থা নিরসনে মার্কিন কংগ্রেসে ভোটের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

‘চুক্তিটির মাধ্যমে এটি প্রমাণ হয় না যে, আমি সিদ্ধান্ত থেকে সরে এসেছি বা ছাড় দিয়েছি। কিন্তু যারা শাটডাউনের ভুক্তভোগি তাদের জন্য এটি করা হয়েছে। কেননা, সরকারের অচলাবস্থার জন্য লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে’ বলে ট্রাম্প বলেন। যদিও দেয়াল নির্মাণে ৫শ ৭০ কোটি ডলার না পাওয়া পর্যন্ত কোন বাজেটে সই করবে না বলে ট্রাম্প বরাবরই হুঁশিয়ারি দিয়ে আসছিলেন।

‘সমঝোতা চুক্তিটির জন্য আমি গর্বিত। এতে করে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের অচল হয়ে যাওয়া শাখাগুলোতে অর্থায়ন করা যাবে।

মার্কিন শ্রমিকরা অবিশ্বাস্য দেশপ্রেমিক, তারা রাজনৈতিক বিতর্কের শিকার হতে পারেন না। শ্রমিকদের মজুরি পুরোপুরি মিটিয়ে দিতেই এই সমঝোতা হয়েছে’ বলে হোয়াইট হাউজের রোজ গার্ডেনে শুক্রবার বক্তব্য দেয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

আগামী ১৫ তারিখের মধ্যে কংগ্রেস যদি ন্যায়সঙ্গত কোন চুক্তি না করে তাহলে দেয়াল নির্মাণে অর্থ না পাওয়া পর্যন্ত আবারো শাটডাউন করা হবে বলে ট্রাম্প হুমকিও দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি