শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডা. জাফরুল্লাহ বিএনপির কেউ নন : রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছর রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তাতে দলীয় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ বিএনপির কেউ নন, একজন শুভাকাঙ্ক্ষী ছাড়া। তারেক রহমানকে নিয়ে তিনি যে ধরণের বক্তব্য দিয়েছেন তা গণমাধ্যমে না দিয়ে দলীয় ফোরামে দিতে পারতেন। তার এ ধরণের বক্তব্যে বিএনপির কর্মীরা ক্ষুব্ধ।

শনিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আছে, থাকবে।

বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, তাকে বলতে চাই শকুনের দোয়ায় গরু মরে না। বিএনপিকে নিয়ে তার এই মাথাব্যথা বিষ্ময়কর মনে হচ্ছে। এটা মায়ের চেয়ে মাসির দরদ বেশির মতো।

খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ আছে দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগতো ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সে কারণে তাদের পুলিশের ওপর নির্ভর হয়ে রাতের আধারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে।

কারাগারে খালেদা জিয়ার বসবাসের জায়গাটির কোনো পরিবর্তন হয়নি দাবি করে রিজভী বলেন, অসাস্থ্যকর, স্যাঁতস্যাঁতে ধুলাবালিতে ভর্তি কক্ষে তাকে বাস করতে বাধ্য করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মুনীর হোসেন, বেলাল আহমদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি