ডেক্স রিপোর্ট: রুশ পাওয়ার প্ল্যান্ট উন্নোতকরণে আগামী ১০ বছরের একটি পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। এতে ২ হাজার ৮শ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ আকর্ষণের প্রত্যাশা করা হয়েছে বলে রোববার জানিয়েছেন রুশ জ্বালানিমন্ত্রী আলেক্সান্ডার নভাক।
রুশ জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে পাশ করানো এ চুক্তিটি ২০৩১ সাল পর্যন্ত চলবে। এতে দেশটির মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ১৬ ভাগ তথা ৪০ গিগাওয়াট উৎপাদনে সক্ষমতা অর্জন করা যাবে বলে প্রত্যাশা করছেন দেশটির প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ।
প্রকল্পটি ২০২২ সাল থেকে শুরু হয়ে ২০৩১ সাল পর্যন্ত চললেও আগামী এপ্রিল অথবা মে’র মধ্যেই অতিরিক্ত ১১ গিগাওয়াট বিদ্যুত উৎপাদনে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। ২০২৪ সালের মধ্যেই এই প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে এর উল্লেখযোগ্য বিষয় হলো, প্রকল্পটিতে দেশীয় উপকরণ ও প্রকৌশলী ব্যবহার করা হবে বলে নভাক মন্তব্য করেছেন।
বর্তমানে রাশিয়ায় জ্বালানি খাতে নেতৃত্বের আসনে রয়েছে প্রাকৃতিক গ্যাস।
তবে তা ২০৪০ সাল নাগাদ হ্রাস পাওয়া শুরু করবে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই দেশটি বিকল্প উৎস জোরদার করার পরিকল্পনা নিয়েছে।

























































