মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপর্যয়ে কুমিল্লা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০২.২০১৯


ডেক্স রিপোর্টঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে মহাবিপর্যয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্কোরবোর্ডে ২৩ রান তুলতেই ৫ উইকেট খুইয়ে ফেলেছে তারা। বিপর্যয়ের মধ্যে লড়ছেন লিয়াম ডসন ও জিয়াউর রহমান।

রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা। দলীয় খাতায় কোনো রান না তুলতেই নাহিদুল ইসলামের বলে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে আসেন তামিম ইকবাল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে এ অফস্পিনারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন আনামুল হক। খানিক পর মাশরাফি বিন মুর্তজার বলে শহিদুল ইসলামকে ইমরুল কায়েস ক্যাচ প্র্যাকটিস করালে বিপাকে পড়ে দলটি।

সেই রেশ না কাটতেই শহিদুলের বলে মোহাম্মদ মিথুনকে লোপ্পা ক্যাচ দিয়ে ফেরেন শামসুর রহমান। এতে চাপে পড়ে কুমিল্লা।

এর মধ্যে আস্থার প্রতিদান দিতে পারেননি থিসারা পেরেরা। মাশরাফির দ্বিতীয় শিকার হয়ে তিনি সাজঘরের পথ ধরলে বিপর্যয়ে পড়ে তারা।

ইতিমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত হয়েছে কুমিল্লা-রংপুরের। ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে কেবল আনুষ্ঠানিকতার।তবে শীর্ষস্থান নিশ্চিতের লড়াই থাকছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কুমিল্লা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। এ ম্যাচে যে জিতবে তারাই চূড়ায় থেকে গ্রুপপর্ব শেষ করবে। এতে সুপার ফোরে সুবিধা পাবে জয়ী দল।

কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: তামিম ইকবাল, আনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, ইমরুল কায়েস (অধিনায়ক), লিয়াম ডসন, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, জিয়াউর রহমান, আবু হায়দার রনি, ওয়াকার সালামখেইল ও সঞ্জিত সাহা।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, মেহেদি মারুফ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি