মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বিশ্বকাপের বাংলাদেশ দলে সাব্বিরকে চান হার্শা ভোগলে


বিশ্বকাপের বাংলাদেশ দলে সাব্বিরকে চান হার্শা ভোগলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ ক্রিকেটের বড় ভক্ত জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার হার্শা ভোগলে। সর্বক্ষণ টাইগারদের ক্রিকেট নিয়ে খোঁজখবর রাখেন তিনি। ভালো করতে, ভুল শোধরাতে সুপরামর্শ দেন। ফের এর প্রমাণ মিলল।

দুয়ারে কড়া নাড়ছে ইংল্যান্ড বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড বাছাই করেছেন ভোগলে। আসছে নিউজিল্যান্ড সফরে না পেলেও তার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইমরুল কায়েস।

এ স্কোয়াডে ঠাঁয় হয়েছে ‘বিতর্কিত’ ক্রিকেটার সাব্বির রহমানের। তার ব্যাপারে হার্শার যুক্তি, সাম্প্রতিক সময়ে বিতর্কের ঘেরাটোপে বন্দি সাব্বির। তবু তাকে দলে রাখতে হবে। ধরুন, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। সেই পরিস্থিতিতে ছয় বা সাত নম্বর পজিশনে কার্যকরী হতে পারে সে। এসময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে ও।

সাব্বির সবশেষ ওয়ানডে খেলেন ২০১৮ সালের উইন্ডিজ সফরে। এরপর শৃঙ্খলাভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হন তিনি। তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষেধাজ্ঞা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের শেষদিকে মূলধারার ক্রিকেটে ফেরার কথা। তবে শাস্তি কমিয়ে আসন্ন নিউজিল্যান্ড সফরে তাকে দলে রাখা হয়েছে।

ধীরে ধীরে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন সাব্বির। চলমান বিপিএলে শুরুর দিকে সফল না হলেও মাঝ ও শেষ পথে রানে ফিরেছেন এ হার্ডহিটার। হার্শার ভাষ্য, বাংলাদেশের লোয়ারঅর্ডার পজিশনের বড় সমস্যার সমাধান হতে পারে সাব্বির। নিউজিল্যান্ড সিরিজ তার জন্য হতে পারে বিশ্বকাপের দলে জায়গা পাকাপোক্ত করার বড় সুযোগ।

নিয়মিত তারকাদের পাশাপাশি এ স্কোয়াডে স্থান পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ফিনিশিং টাচের পাশাপাশি তার স্পিনে ভরসা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ধারাভাষ্যকর। এছাড়া বদলি উইকেটরক্ষক ও মিডলঅর্ডারে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে মোহাম্মদ মিঠুনকে স্কোয়াডে রেখেছেন তিনি।

বিশ্বকাপের জন্য হার্শার বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন (বিকল্প উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি