ডেস্ক রিপোর্টঃ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন ত্রাণকে বিষের সঙ্গে তুলনা করেছেন।
তার দেশে যুক্তরাষ্ট্রের ত্রাণ পাঠানোর ঘটনাকে উপহাস করে বলেছেন, এর আগে মার্কিন ত্রাণ নিয়ে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও লেবানন আজ পথে বসেছে। খবর বিবিসির।
একইভাবে যুক্তরাষ্ট্র ত্রাণের নামে ভেনিজুয়েলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট মাদুরো।
রাজধানী কারাকাসে তিনি শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিন মানবিক ত্রাণকে ‘বিষ’ বলে অভিহিত করেন। কোনো অবস্থাতেই এ ত্রাণ ভেনিজুয়েলায় প্রবেশ করতে দেয়া হবে না বলেও তিনি সতর্ক করে দেন।
মার্কিন সরকার লাতিন আমেরিকার দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের একই সময়ে সে দেশে মানবিক ত্রাণ পাঠিয়েছে। ত্রাণের খাদ্য ও ওষুধবাহী কিছু ট্রাক বৃহস্পতিবার কলম্বিয়ার সীমান্ত শহর কুকুতায় পৌঁছেছে।
ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো গত মাসে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমর্থন নিয়ে নিজেকে ভেনিজুয়েলার অন্তর্র্বতী প্রেসিডেন্ট ঘোষণা করলে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়।
ভেনিজুয়েলা সরকার গুইদোর ওই ঘোষণাকে ক্যু করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি দেশটিতে প্রয়োজনে সামরিক হস্তক্ষেপ করার হুমকি দিয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রের ওই অবস্থান ঘোষণা সত্ত্বেও চীন, রাশিয়া, ইরান, তুরস্ক ও মেক্সিকোসহ আরো কিছু দেশ ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো সরকারকে সমর্থন জানিয়েছে।

























































