ডেস্ক রিপোর্টঃ
বিভিন্ন ধরনের গাছ কালেকশন করার ঝোঁক সাধারণত নারীদের মধ্যেই দেখা যায়। কিন্তু এবার দেখা গেল উল্টাটা। ফুয়ুমি লিমুরা ও তার স্বামী সেইজি লিমুরা দুইজনেরই ঝোঁক বনসাই গাছ কালেকশন করা। তাদের কালেকশন থেকে বেশ কিছু দামি বনসাই চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে দামি বনসাই গাছটিও আছে বলে জানা গেছে। এ ঘটনার পর এক মেসেজে গাছগুলির মালিক ফুয়ুমি লিমুরা জানান, যিনি তার বাড়ির বাগানে ঢুকে পৃথিবীর সবচেয়ে দামি বনসাই গাছ নিয়ে গিয়েছেন, তিনি যেন নিয়মিত গাছটিকে পানি দিয়ে যত্ন করেন।
সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী জানা গেছে, লিমুরার কালেকশন থেকে মোট সাতটি দামি বনসাই গাছ চুরি করে নিয়ে যায় একদল বনসাই চোর। তার মধ্যে বিশ্বের সবচেয়ে দামি সিম্পাকু বনসাই গাছটিও ছিল।
আরো জানা গেছে, সিম্পাকু জুনিপার এখন খুবই বিপন্ন প্রজাতির বনসাই গাছ। তাদের খুব কম এলাকায় খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে বিশ্ব বনসাই ফ্রেন্ডশিপ ফেডারেশন।
লিমুরা বলেন, “এ যেন সন্তান হারানোর কষ্টের সমান। গাছটিকে যারা চুরি করেছে তারা যদি ঠিকমতো যত্ন না নেয় তা হলে এত দিনের কঠোর পরিশ্রম জলে যাবে।”
তিনি আরো বলেন, “আমি শুধু চাই যিনি বনসাই নিয়ে গিয়েছেন তিনি যেন এটাকে নিয়মিত যত্ন করেন এবং পানি দেন। এই সিম্পাকু বনসাইটি ৪০০ বছরের পুরানো। এর নিয়মিত যত্ন ও পানির প্রয়োজন। নিয়মিত যত্ন পেলে এই বনসাই অনির্দিষ্টকালের জন্য বেঁচে থাকতে পারে।”

























































