বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সত্যিকার নাকি খেলনা পিস্তল তা জানেন না প্রতিমন্ত্রী


সত্যিকার নাকি খেলনা পিস্তল তা জানেন না প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের প্লেন ছিনতাই চেষ্টার ঘটনার ‘পিস্তল রহস্য’ জানেন না খোদ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী। তিনি বলেন, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইট ছিনতাইচেষ্টার অভিযোগে নিহত যুবক পলাশের হাতে সত্যিকার নাকি খেলনা পিস্তল ছিলো তা আদৌ ওয়াকিবহাল না।

আজ সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের চামেলিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, পলাশ ঠাণ্ডা মাথার ছিনতাইকারী।

বিমানে গুলি বিনিময় হয়েছে- সেনাবাহিনীর জিওসির এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা আমাদের জানা নেই।

এ সময় এ ঘটনা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ দেশ, এ বিমানবন্দর আপনাদেরই। অতএব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেতিবাচক সংবাদ পৌঁছে ক্ষতি হয়- এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না।

প্রতিমন্ত্রী মাহাবুব আলী বলেন, ওই যুবক অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী ছিল। তার সিট নম্বর ১৭/এ। তার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানতে পেরেছি।

এ ঘটনা দেশের এভিয়েশনখাতে কোনো সংকট সৃষ্টি করবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা ইতিবাচক সংবাদ প্রকাশ করুন।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে ওই যুবককে না মেরে তথ্যের জন্য কোনো জীবিত রাখা হলো না কেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি