ডেস্ক রিপোর্টঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি না সেই বিষয়ে আদেশের তারিখ পিছিয়েছে। আগামী ২০ মার্চ সেই আদেশের তারিখ ধার্য করেছে আদালত।
আজ সোমবার মামলাটি আদেশের জন্য ধার্য ছিল। এদিন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ আবারও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে শুনানি করেন।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান আগামী ২০ মার্চ মামলাটি আদেশের জন্য রাখেন।
মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে গত বছরের ২৫ জানুয়ারি আদালতে মামলাটি করেন এ বি সিদ্দিকী। গত বছরের ৩০ জুন অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস
এরপর গত বছরের ১৬ জুলাই খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে তার বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেন এ বি সিদ্দিকী। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।


























































