শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতকে ‘সময়মতো’ জবাব দেবে পাকিস্তান।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ভারতের বিমান সীমান্তরেখা অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে হামলার বিষয়টি স্বীকার করেছে পাকিস্তান। কিন্তু হামলায় ‘বিপুল ক্ষতি’ হয়েছে বলে ভারত যে দাবি করেছে, সেটিকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছে ইসলামাবাদ। তবে সীমান্তরেখা অতিক্রম করে ভারত যা করেছে, তার সমুচিত জবাব সময়মতো দেবে বলে হুঁশিয়ার করেছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশের নিরাপত্তা বাহিনী ও দেশের জনগণকে সম্ভাব্য সব কিছুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের এক খবরে বলা হয়। ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলার জবাবে গতকাল মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের বালাকোটে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় ভারতীয় বিমানবাহিনী।

ভারতের ভাষ্য, সম্ভাব্য হামলা রুখতে জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দিতে বিমান হামলা চালানো হয়েছে। এতে তিন শতাধিক জঙ্গি নিহত হয়েছেন বলেও দাবি করে দিল্লি। সার্জিক্যাল স্ট্রাইকের পর পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক আহ্বান করেন। বৈঠকের পর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিবৃতি দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহাম্মদ কোরেশি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আসাদ উমর, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ আরও শীর্ষ কর্মকর্তা। ভবিষ্যৎ করণীয় ঠিক করতে আজ বুধবারও জরুরি বৈঠক আহ্বান করেছেন ইমরান খান।

বিবৃতিতে গতকাল বলা হয়, বালাকোটের কাছে জঙ্গিঘাঁটিতে হামলার যে দাবি করেছে ভারত, তা পুরোপুরি প্রত্যাখ্যান করা হচ্ছে; একই সঙ্গে যে ক্ষতির দাবি করা হয়েছে, সেটিও ভিত্তিহীন। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফায়দা নিতেই ভারত সরকার এই কৌশল নিয়েছে। এ ছাড়া হামলাস্থল সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারত যে আগ্রাসন চালিয়েছে, তার সমুচিত জবাব সময়মতো দেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এদিকে বিবিসি উর্দুর কাছে স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হয়; কিন্তু তেমন কোনো ক্ষতির আলামত তারা দেখতে পাননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি