শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জঙ্গি দমনে পাকিস্তান ব্যবস্থা নেয়নি বলেই হামলা চালিয়েছে ভারত’।


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯


ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের মাটিতে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান স্পষ্ট করার কাজ করে চলেছে দিল্লি।

গতকাল মঙ্গলবার বালাকোটের কাছে জঙ্গিঘাঁটিতে হামলার বিষয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

চীন সফরে গিয়ে সুষমা দাবি করেন, সন্ত্রাস দমন করতে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি বলেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ভারত।

তিনি জানান, আবার হামলা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে বলেও স্ট্রাইক করেছে ভারত। সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় সেনা নিহতের ঘটনা নিয়ে ভারতীয়দের মধ্যে ক্ষোভের বিষয়টিও তুলে ধরেন সুষমা।

তিনি বলেন, ‘পাকিস্তান তাদের দেশে থাকা জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। শুধু তাই নয়, জঙ্গিদের উপস্থিতির কথাই মানতে চায়নি ইসলামাবাদ। আমাদের কাছে আরও খবর ছিল, আবার নতুন করে আঘাত হানার পরিকল্পনা করেছে জঙ্গিরা। এমতাবস্থায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চলে। ’

তিনি আরও বলেন, ‘এই হামলায় যাতে কোনোভাবেই সাধারণ মানুষের মৃত্যু না হয় তা দেখা হয়েছিল। ভারত উত্তেজনা আর বাড়াতে চায় না। ভারত এক দায়িত্বশীল দেশের ভূমিকা পালন করবে।’

ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দিতে চীনে গেছেন সুষমা। সেখানে চিনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুলওয়ামা হামলা নিয়ে আলোচনা করেছেন তিনি।

নিজের বক্তব্যের শুরুতেই এই নেত্রী বলেন, ‘আমি এমন একটা সময়ে এখানে কথা বলতে এসেছি, যখন ভারতের নাগরিকদের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর পুলওয়ামার থেকে বড় আক্রমণ কখনো হয়নি।’

এর আগে গত সোমবার ভোর ৩টায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে ‘এয়ার স্ট্রাইক’ করে ভারতীয় সেনা। তাতে প্রতিক্রিয়া জানায় চীন। ভারত এবং পাকিস্তানকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বার্তা দেয় বেইজিং।

সংবাদসংস্থা পিটিআইকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কিং বলেন, ‘আমরা আশা করি পাকিস্তান এবং ভারত নিজেদের মধ্যে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বস্তি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি