শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্রের আহ্বান উত্তেজনা কমানোর ভারত-পাকিস্তানকে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতের বোমা হামলা চালানোর বিষয়টি ঘিরে এখন দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুই প্রতিবেশী দেশের মধ্যে এই উত্তেজনা কমিয়ে আর কোনো সামরিক তৎপরতা না চালানোর আহ্বান জানিয়েছেন।

ভারত শাসিত কাশ্মিরের পুলওয়ামায় হামলার প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারত যে বিমান হামলা চালিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দিলো যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ভেতরে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে এ ঘটনার জবাব দেওয়ার অধিকার আছে বলে মন্তব্য করা হয়। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে ওই বিবৃতি দেওয়া হয়।

পম্পেও জানান, দুই দেশের মধ্যকার উত্তেজনা কমাতে পৃথকভাবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন তিনি।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, পম্পেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে যথেষ্ট সংযম দেখাতে উৎসাহ দিয়েছেন এবং যেকোনো উপায়ে উত্তেজনা এড়ানোর কথা বলেছেন। এ ছাড়া দুই পক্ষকে যেকোনো রকম সামরিক কার্যকলাপ এড়াতে সরাসরি আলোচনার কথা বলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতের বিমানবাহিনীর হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। মঙ্গলবার ভোরে পাকিস্তানের জইশ-ই-মোহাম্মদ, হিজবুল্লাহ মুজাহেদিন ও লস্কর-ই-তাইয়েবার স্থাপনায় এ বিমান হামলা চালানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিজয় কেশব গোখলে সরকারি এক বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে জইশ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বিমানবাহিনী। নিহত হয়েছেন জইশ-ই-মোহাম্মদের সিনিয়র কমান্ডাররা।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে জানানো হয়, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে দাবি করেছেন, পাকিস্তানের সেনাদের পাল্টা জবাবে ফিরে গেছে ভারতীয় যুদ্ধবিমান। তিনি টুইটে লেখেন, ‘ভারতীয় বিমানবাহিনীর সেনারা নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করেছিলেন। পাল্টা জবাব দিয়েছেন পাকিস্তানি বিমান সেনাসদস্যরাও। ভারতীয় যুদ্ধবিমানকে বাধ্য করা হয়েছে ফিরে যেতে।’ তিনি বলেন, ‘মুজাফফরাবাদের দিক থেকে পাকিস্তানে ঢোকে ভারতীয় যুদ্ধবিমান।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি