
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে পুলিশের গুলিতে কথিত বন্দুকযুদ্ধে ১৪ মামলার এক আসামি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির এই ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত মো. কামালের (২৮) বাড়ি কুমিল্লায়। তার বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে। এ অভিযোগে কামাল গ্রেপ্তারও হয়েছিলেন বলে তথ্য দিয়েছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদককারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক উদ্ধার করা হয়েছে।






















































