
ডেস্ক রিপোর্টঃ ‘স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধ না থাকার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে সন্তানের উপরও। আমাদের হাই সোসাইটিতে দেখা যায়, অনেক স্বামীই তার স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করে থাকেন।
কিন্তু লোক লজ্জার ভয়ে স্ত্রী তা এড়িয়ে গিয়ে সংসার করেন।’ নারী নির্যাতনের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নাটক ‘অনাহুত’। এটি প্রচার হবে আসন্ন নারী দিবসে আরটিভিতে।
শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় ‘অনাহুত’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। আরও আছেন শাহেদ আলী, সুষমা সরকার, তানজিন তিশাসহ অনেকে।
নাটক প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে তারিন বলেন, ‘এর আগেও শ্রাবনী ফেরদৌসের নির্দেশনায় অভিনয় করেছি। তার গল্প বলার ধরণটা বেশ ভালো। আর সে কারণেই দর্শক তার নাটক দেখেন। এই নাটকের গল্পটিও সুন্দর। আমি বেশ আশাবাদী এটি নিয়ে।
তারিন জানান, ‘অনাহুত’ নাটকে একজন প্রতিবাদী নারীর ভুমিকায় দেখা যাবে তাকে।
শাহেদ আলী বলেন, ‘শ্রাবণীর নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। এর আগে, তারিনের সঙ্গে গিয়াস উদ্দিন সেলিম, শান্তা রহমানের নির্দেশনায় কাজ করেছি। এই নাটকের গল্পটা অসাধারণ। যে কারণে আমরা প্রত্যেকেই কাজটি বেশ উপভোগ করছি।’

























































