ডেস্ক রিপোর্টঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের ফতেহপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক নারীকে গাছের সঙ্গে শিকলে বেঁধে নির্যাতন করা হয়েছে। উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া ও আওয়ামী লীগ নেতা মো. মিন্টুর নির্দেশে এ নির্যাতন করা হয় বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
নির্যাতিত রানী বেগম (৩৪) ফতেহপুরের ঠাকুরবাড়ির মোহাম্মদ উল্যার মেয়ে। গতকাল বুধবার সকালে তাঁকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নির্যাতনের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ঠাকুরবাড়ির শিরীন আক্তার ও তাঁর মেয়ে সুমি আক্তার লোকজন নিয়ে রানী বেগমকে সুপারি বাগানে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে মারধর করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রানী প্রাণে রক্ষা পান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ও দক্ষিণ চণ্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মিন্টুর লোকজনের ভয়ে তা সম্ভব হয়নি। পরে বুধবার সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত সুমি আক্তার বলেন, ‘রানী বাড়ির সবাইকে গালমন্দ করে আসছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়। তিনি রানীকে শিকল দিয়ে বেঁধে রাখতে বলেন। এ কারণে বাড়ির সবাই মিলে তাকে বেঁধে রাখি।’
অভিযুক্ত মো. মিন্টু বলেন, ‘সভাপতি (ওয়ার্ড আওয়ামী লীগের) হিসেবে বাড়ি ও এলাকার সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব আমার রয়েছে। রানী অপ্রকৃতিস্থ। দিন-রাত মানুষকে গালাগাল করে। ঠাকুরবাড়ির সম্মানের কথা চিন্তা করে একটু শাসন করা হয়েছে। এতে দোষের কিছু হয়নি।’
























































