শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনায় নিহত দুই ও পুলিশের ৯ সদস্য আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ৯ সদস্য আহত হয়েছে।

নিহতেরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভারাঙ্গা গ্রামের মসলিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের আব্দুস সোবহান আকন্দের ছেলে হাজী ময়নাল (৫৫)। নিহত নারীর লাশ উদ্ধার করে আজ সকালে মর্গে প্রেরণ করা হয়েছে।

বুধবার রাত ১০ টায় ঢাকা-পাবনা মহাসড়কের শ্রীখোলা ও রাত ৮ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত কাউন্টার টেরোরিজম ইউনিটের ৯ সদস্যরা হলেন পুলিশ পরিদর্শক এস.এম শাহাজামাল ও শাহাজাহান , উপ-পরিদর্শক (এসআই) আলম খান , সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম , সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ , সিপাহী রুবেল , লালন উদ্দিন , ড্রাইভার জাহিদুল ও বুলেটকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর সাবেক সভাপতি আলহাজ্ব মামুন মনি জানান, রাতে হাজী ময়নাল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি শ্রীখোলার মোড়ে পৌছলে পাবনাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই নিহতের স্বজনরা তার লাশ নিয়ে বাড়ি চলে যায়।

এদিকে রাত ৮ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রেবাসের ধাক্কায় আনোয়ারা বেগম নামের এক নারী আহত হয়। এসময় পেছনে থাকা ঢাকাগামী পুলিশের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের ৯ সদস্য আহত হয়। পরে তাদের সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত নারীর লাশ উদ্ধার করে আজ সকালে মর্গে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি