ডেস্ক রিপোর্টঃ ভারতকে একটি উচ্চ শুল্কের দেশ আখ্যা দিয়ে তাদের পণ্যে অতিরিক্ত করারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত মার্কিন পণ্যের ওপর যে পরিমাণ শুল্কারোপ করে রেখেছে তার সঙ্গে সামঞ্জস্য রাখতে চান ট্রাম্প।
শনিবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে আয়োজিত চারদিনের কনজার্ভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি) এ শেষ দিনের ভাষণ দিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, ‘ভারত একটি উচ্চ শুল্কের দেশ। আমরা যখন সেখানে একটি মোটরসাইকেল রপ্তানি করি তারা সেটির ওপর শতভাগ শুল্ক নেয়। কিন্তু যখন ভারত আমাদের এখানে মোটরসাইকেল রপ্তানি করে তখন আমরা তাদের থেকে কোন শুল্কই রাখি না। তাই আমরাও তাদের পণ্যে পাল্টা করারোপ করতে চাই, অন্তত কিছু হলেও কর নিতে চাই।’
ট্রাম্প আরো বলেন, ‘আমরা কারো শতভাগ করারোপ মেনে নিতে পারি না যখন একই পণ্যে আমরা তাদের থেকে কিছুই পাই না। আরেকটা বিষয় হলো, ভারত আসলে আমাদের মর্যাদা দেয় না। বরং তারা আমারেদ গর্দভ মনে করে। যদিও পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রকে সম্মান করে এবং আমাদেরও।’

























































