
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের বালাকোটের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতেই ভারতীয় সেনাবাহিনীর হামলা চালিয়েছিলেন। সম্প্রতি এক অডিও বার্তায় এমনটাই স্বীকার করে নিলেন জঙ্গি সংগঠনটির প্রধান মাসুদ আজহারের ভাই মাওলানা আম্মার।
ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে, এক অডিও বার্তায় বলা হয়েছে, ‘গত ২৬ ফেব্রুয়ারি ভারতীয় সেনার বিমান হামলায় গোয়েন্দা সংস্থার সদর দপ্তর বা তাদের নিরাপদ আশ্রয়ে বোমা ফেলেনি। যে কেন্দ্রে শিক্ষার্থীদের জিহাদের প্রকৃত অর্থ শেখানো হচ্ছিল,সেখানেই আক্রমণ করা হয়েছে। গুঁড়িয়ে যায় জইশের প্রশিক্ষণ ক্যাম্পে একাধিক জঙ্গি ঘাঁটি।’
অডিওটি পাকিস্তানের এক সাংবাদিক তাহা সিদ্দিকী টুইটারে শেয়ার করেন। তবে অডিও ক্লিপের বক্তব্য মাওলানা আম্মারেরই কিনা এ বিষয়ে সত্যতা যাচাই করা যায়নি।
তবে শুরু থেকেই ইসলামাবাদ দাবি করে আসছে, সে দিন কিছু পাইন গাছ আর একটা কাক ছাড়া কেউ মারা যায়নি।
ইতালির সাংবাদিক ফ্রাঞ্চেস্কা মারিনো দাবি করেছেন, গত মঙ্গলবার বালাকোটে ভারতীয় বায়ুসেনা বোমা ফেলার পরে ঘটনাস্থল থেকে অন্তত ৩৫টি দেহ গুম করে পাকিস্তানি সেনারা। নিহত এই ৩৫ জনের মধ্যে অন্তত ১২ জন জইশ জঙ্গি।
ওই ইটালীয় সাংবাদিকের দাবি, এর মধ্যে তিনি সেখানকার স্থানীয় বেশ কয়েক জনের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর বোমা ফেলার পর-পরই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু পাকিস্তানের সেনারা তার আগেই জায়গাটা ঘিরে ফেলে। এমনকি পুলিশকেও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। নিষিদ্ধ ছিল মোবাইল এবং রাতের অন্ধকারেই বোমায় নিহতদের লাশগুলো গুম করে ফেলা হয়।
এদিকে মোদি প্রশাসন শুরু থেকেই দাবি করছে, ওই হামলায় ৩০০ এর বেশি জঙ্গি মারা গেছে। তবে কেন্দ্রীয় সরকার এখানে নিশ্চুপ রয়েছে। ভারতীয় সেনারা আরও দাবি করেছে, জঙ্গি-শিবির ধ্বংসের প্রমাণ আছে তাদের কাছে। কিন্তু নিহত জঙ্গির সংখ্যাটা এখনই বলা যাবে না।
ঘটনার দিন পাওয়া উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট জানায়, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ নেই। বোমা পড়েছিল, কিন্তু নিশানায় থাকা জঙ্গি শিবিরের থেকে অনেকটা দূরে।
























































