শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কৌশলের বিরতিতে কর্ণফুলীর উচ্ছেদ বন্ধ 


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯


ডেস্ক রিপোর্টঃ গত ৪ ফেব্রুয়ারি অনেকটা ঢাকঢোল পিটিয়ে কর্ণফুলী নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। টানা পাঁচ দিনের অভিযানে ২৩০টি স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ১০ একর ভূমি দখলমুক্তও করা হয়। এর পর দ্বিতীয় ধাপের অভিযান শুরুর কথা জানায় প্রশাসন। কিন্তু ২২ দিন অতিবাহিত হলেও সে অভিযান আর শুরু করতে পারেনি। মূলত, মাস্টারপ্ল্যান তৈরির ফাঁদে পড়ে এ অভিযান এক রকম বন্ধ হয়ে গেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

জেলা প্রশাসন অবশ্য একে ‘কৌশলগত বিরতি’ বলে আখ্যায়িত করছে। তারা বলছে, উদ্ধারকৃত ভূমির ব্যবহার নিশ্চিত করে দ্বিতীয় ধাপে উচ্ছেদ অভিযান চালাতে চান। এ ক্ষেত্রে তাদের যুক্তি, উচ্ছেদ করে জমি ফেলে রাখলে পুনরায় বেদখল হয়ে যায়।

সংশ্লিষ্টরা মাস্টারপ্ল্যান ও পূর্ব প্রস্তুতির জন্য বিরতির কথা বললেও কবে দ্বিতীয় ধাপের অভিযান শুরু হবে তা বলতে পারছে না।

জানা গেছে, মূলত তিনটি কারণে অভিযান বন্ধ হওয়ার আশঙ্কা প্রকট। এর মধ্যে মূল কারণ বাজেট বরাদ্দ না থাকা। উচ্ছেদের আওতায় থাকা নদীতীরের অধিকাংশ জায়গার মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের জায়গা বন্দর উদ্ধার করবে তা ধরে নিয়েই পিছিয়ে গেছে জেলা প্রশাসন।

বন্দর বলছে, অর্থনৈতিক কাজে ব্যবহৃত ভূমি ছাড়া সরকারি খাসজমি জেলা প্রশাসন উদ্ধার করতে পারে। এ জন্য বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

উদ্ধার করা জায়গা দখলে রাখতেই মাস্টার প্ল্যানের আগে দ্বিতীয় ধাপের উচ্ছেদ অভিযান শুরু করছে না জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন আমাদের সময়কে বলেন, মাস্টারপ্ল্যান তৈরির সিদ্ধান্ত হয়েছে। তাই দ্বিতীয় ধাপের অভিযান আপাতত বন্ধ। মাস্টারপ্ল্যান হাতে পেলে উচ্ছেদ অভিযানের পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলবে। দ্বিতীয় ধাপের উচ্ছেদ অভিযান চালাতে নতুন করে মার্কিং করা হচ্ছে। কারণ ২০১৫ সালে করা মার্কিং মুছে গেছে। তাই জরিমের মাধ্যমে নতুন করে মার্কিং করা হচ্ছে। এক কোটি ২০ লাখ টাকা চাহিদার বিপরীতে ২০ লাখ টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে ১০ একর ভূমি রক্ষণাবেক্ষণ ও ঋণ পরিশোধ করা হবে।

জানা গেছে, কর্ণফুলী তীরে অবৈধ স্থাপনার তালিকায় বেশ কয়েকজন প্রভাবশালীর স্থাপনাও রয়েছে। বন্দরের লিজ দেওয়া কয়েকটি স্থাপনাও এ তালিকায় রয়েছে। ফলে সবদিক বিবেচনা করে উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রস্তাবের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাস্টারপ্ল্যান তৈরি করছে। গত ৪ ফেব্রুয়ারি কর্ণফুলীর তীরে নগরীর সদরঘাট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। টানা পাঁচ দিন অভিযান চালিয়ে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ১০ একর ভূমি দখলমুক্ত করে জেলা প্রশাসন। এর মধ্য দিয়ে শেষ হয় প্রথম ধাপের অভিযান।

দখলমুক্ত ভূমি পরিদর্শনে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় ধাপে অভিযান শুরু হবে। উচ্ছেদে বাধা এলে দ্বিগুণ গতিতে চলবে অভিযান। এ ছাড়া কোনো প্রভাবশালীর হুমকি-ধমকিতে উচ্ছেদ বন্ধ হবে না।

গত শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, কৌশলগত কারণে উচ্ছেদ অভিযানে বিরতি চলছে। কর্ণফুলী নদীসহ আশপাশের ৫৭টি খালের দূষণ ও নাব্যতা ফিরিয়ে আনতে মাস্টার প্ল্যান প্রণয়ন হচ্ছে। মাস্টারপ্ল্যান বাস্তবায়নে শিগগিরই কাজ শুরু করবে কমিটি। প্রথম পর্যায়ের উচ্ছেদ শুরুর পর আরও দুই ধাপে নগরীর বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গা এবং সদরঘাট থেকে চাক্তাই পর্যন্ত উচ্ছেদের কথা জানিয়েছিল জেলা প্রশাসন।

এদিকে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, প্রথম পর্যায়ে দখলমুক্ত করা ভূমির প্রায় অংশ চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন। বারিক বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত এলাকার প্রায় পুরো অংশ চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন। শুধু আরএস জরিপ অনুযায়ী লালদিয়ার চর এলাকায় নদীর তীরবর্তী কিছু ভূমি খাস হিসেবে জেলা প্রশাসনের আওতাভুক্ত।

বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের জায়গায় দেয়াল দিয়ে দখলে রাখা হয়েছে। পতেঙ্গায় বেসরকারি ইনকনট্রেড কন্টেইনার ডিপো ছাড়া বন্দর আর কোনো জায়গা লিজ দেয়নি। ফলে বাকি জায়গা উচ্ছেদ করলে বন্দরের আপত্তি নেই। বরং তারা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। বন্দরের কার্যক্রম বাধাগ্রস্ত না করে উচ্ছেদ অভিযান চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। তিনি বলেন, উচ্ছেদ অভিযান বন্ধ রাখা ঠিক হবে না। মাস্টারপ্ল্যান তৈরির জন্য একটি কনসালটেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারে।

জানা গেছে, কর্ণফুলী নদীর তীরের ভূমি ব্যবহারে মাস্টারপ্ল্যান তৈরি করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ জন্য এলজিআরডিমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করা হয়।

সেখানে পানি সম্পদমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি রয়েছেন।

জেলা প্রশাসক জানান, দ্রুত মাস্টারপ্ল্যান তৈরি করতে নির্দেশ দিয়েছেন এলজিআরডিমন্ত্রী। নগরীর পতেঙ্গায় বোট ক্লাবের পরেই লালদিয়ার চরের অবস্থান।

সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদের যে সীমানা চিহ্নিত করা আছে তাতে প্রায় ১৭০০ পরিবারের বসবাস। গত ১৮ ফেব্রুয়ারি লালদিয়ার চর এলাকায় স্থানীয়দের একটি সমাবেশে যোগ দিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল পুনর্বাসনের আগে উচ্ছেদের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন। ফলে লালদিয়ার চরে অভিযান চালাতে আগ্রহী নয় জেলা প্রশাসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি