
ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেটার বিমানবন্দরে অবতরণ করে। এর পর ৮টা ৫০ মিনিটে মন্ত্রীকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু হয় বলে জানান তার ব্যক্তিগত সচিব গৌতম চন্দ্র।
রক্তে ইনফেকশন ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দেওয়ায় হৃদরোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠান চিকিৎসকরা।
বিশেষজ্ঞরা বলেছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নন। বুকে ব্যথা নিয়ে গত রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন। এনজিওগ্রামে তার তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়ে। এর পর তার একটি আর্টারিতে স্ট্যান্টিং করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে ভেন্টিলেশন দিয়ে রাখা হয়।
ওবায়দুল কাদেরের গুরুতর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ রাজনৈতিক নেতাকর্মী। চিকিৎসকদের চেষ্টায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশ্বসেরা কার্ডিয়াক সার্জন ভারতের বেঙ্গালুরুর নারায়ণান ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠিকে আনা হয়। গতকাল বেলা পৌনে ১২টায় ঢাকায় পৌঁছেই তিনি চলে যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
ওবায়দুল কাদেরের কেস হিস্ট্রি নিয়ে চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
মেডিক্যাল টিমের চিকিৎসাসেবার স্টেপগুলো সঠিক ছিল বলেও মতামত দেন শেঠি।
সেই সঙ্গে অনিয়ন্ত্রিত ভিজিটর এবং রোগীর রক্তে ইনফেকশনের মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কায় ওবায়দুল কাদেরকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য বলেন। তার মতামতের ওপর ভিত্তি করেই কাদেরকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিকাল ৪টা ১২ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বিএসএমএমইউর নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, আমাদের সরকারপ্রধানের তরফ থেকে কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠিকে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। তিনি বিএসএমএমইউতে এসে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখার পাশাপাশি তার প্রথম উপসর্গের লক্ষণ, হার্ট অ্যাটাক, এনজিওগ্রাম ও স্ট্যান্টিং করাসহ কী কী স্টেপ নেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করেন। পর্যবেক্ষণ শেষে ডা. দেবী শেঠি ভাবিকে (ওবায়দুল কাদেরের স্ত্রী) বলেছেন-তারা এক্সিলেন্ট টিম। এ টিম যেসব স্টেপ নিয়েছে তাতেই ওনাকে (ওবায়দুল কাদের) এ অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে। ইউরোপ-আমেরিকায়ও এর চেয়ে বেশি কিছু করার নেই।
উপাচার্য আরও বলেন, ‘ডা. দেবী শেঠি আমাদের বলেছেন-ওবায়দুল কাদের নিরাপদ অবস্থায় আছেন। আপনারা চিকিৎসা করতে পারবেন। তবে আপনাদের এখানে ভিজিটর কন্ট্রোল করা খুবই কঠিন। তার রক্তে ইনফেকশনের মাত্রা বাড়ছে। আপনারা চাইলে তাকে অন্য কোনো দেশে শিফট করতে পারেন। এখনই তাকে শিফট করার সঠিক সময়। পরে রিস্কি হতে পারে। আমরা ডা. দেবী শেঠির মতামত পাওয়ার পরই মন্ত্রীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’ ওবায়দুল কাদের এখন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার ফিলিপ কোহর অধীনে চিকিৎসা নিচ্ছেন। তাকে সরাসরি হাসপাতালের হাইডিপেনডেনসি ইউনিটে নেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আপাতত রোগীকে কয়েক দিন পর্যবেক্ষণে রাখা হবে, এখনই বাইপাস করা হবে না।
এদিকে সিঙ্গাপুর নেওয়ার আগে বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান বলেছিলেন, ‘সোমবার সকাল ৯টার পর উনি (ওবায়দুল কাদের) পুরোপুরি স্টেবল আছেন। তার রক্তচাপ ১০০ থেকে ৭০ পর্যন্ত। মাঝে মধ্যে ১২০ থেকে ৩০ হয়। আবার নরমালে এসে যায়। তার যে অসুবিধাগুলো হচ্ছিল (ইলেক্টোলাইট ইমব্যালেন্স, রক্তে পিএইচ ওঠানামা) এখন সব নরমালে চলে এসেছে।
তার হাইব্লাডসুগার ছিল, সেটিও ইনসুলিনের সাহায্যে পাম্প দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে।
উনি বেশ নড়াচড়া করছেন এবং ভেন্টিলেশন খুলে দেওয়ার ইঙ্গিত করছেন। প্রস্রাবের মাত্রাও স্বাভাবিক। এসব লক্ষণ দেখে বোঝা যাচ্ছে উনি ভালো আছেন। তবে আমরা ঘুমের ওষুধ দিয়ে ওনাকে এই কষ্ট থেকে পরিত্রাণ দিচ্ছি। সবকিছু মিলিয়ে বলা যায়, তার অবস্থা এখন স্টেবল এবং উন্নতির দিকে যাচ্ছে। তিনি সিওপিডি রোগী। তার জন্য যে ভেন্টিলেশন ও আইইবিপি মেশিন স্থাপন করা হয়েছে, সেগুলো খুলতে একটু সময় লাগবে।’
কাদেরের জন্য মন্ত্রিসভার দোয়া প্রার্থনা ওবায়দুল কাদেরের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিপরিষদ। গতকাল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এর পর তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। সবাইকে অনুরোধ করা হয়েছে তার জন্য যেন একটু দোয়া করি।’






















































