ডেস্ক রিপোর্ট : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড দলে অন্তর্ভুক্ত হলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল সিলভা। শুক্রবার (৮ই মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে ডিপিএল। আর এই আসরকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে আবাহনী। সর্বশেষ লঙ্কান ব্যাটসম্যান সিলভাকে দলে অন্তর্ভুক্ত করেছে তারা।
এরই মধ্যে শ্রীলঙ্কার জাতীয় দলের এই ক্রিকেটারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আবাহনী কর্তৃপক্ষ। অবশ্য শুধু সিলভাই নয়, আবাহনী দলটিতে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও অনেক ক্রিকেটার।
এই তালিকায় আছেন মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুনদের মতো তারকারা। এবার বিদেশি ক্রিকেটার টানার দিকেও গুরুত¦ দিচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা।
উল্লেখ্য, আবাহনী দলে নতুন অন্তর্ভুক্ত সিলভা ২০৯টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৬.৪৪ গড়ে ১৩৯৩২ রান সংগ্রহ করেছেন। তার রয়েছে ৪১টি সেঞ্চুরি এবং ৫৪টি হাফসেঞ্চুরি। জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন তিনি। যেখানে ২৮.৩৬ গড়ে ২০৯৯ রান করেছেন এই লঙ্কান।
আবাহনী লিমিটেডঃ
সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, কুশল সিলভা।

























































