
ডেস্ক রিপোর্ট : পাঁচ দিনের টেস্ট দুই দিন শেষ হয়ে গেছে, অথচ একটি বলও মাঠে গড়ায়নি। হবেই বা কীভাবে ওয়েলিংটনের আকাশের কান্না যেন থামবার নয়! অবশেষে বৃষ্টিও থেমেছে, খেলাও শুরু হয়েছে। হারিয়ে যাওয়া দুই দিনের ক্ষতি পোষাতে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেই খেলা শুরু হয়।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ তাকিয়ে ছিল টসের দিকে, কোচ স্টিভ রোডস জানিয়েছিলেন টসে জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই কিউইদের দ্রুত উইকেট তোলার পরিকল্পনা। কিন্তু ভাগ্য সহায় হল না, টস ভাগ্যে জিতে পিচের বাড়তি সুবিধা তুলে নিবেন বোল্ট-সাউদিরা।
পাঁচ দিনের মধ্যে দুইদিনই পরিত্যক্ত। বাংলাদেশ কোচ তাও মনে করেন তিন দিনেই ফল আসবে। তিনি জানান, ক্রিকেট মূলত অদ্ভুত এক খেলা। আপনি প্রায়ই অনেক দুই দিন-তিন দিনের ম্যাচ দেখে থাকবেন। তাই এখনো ম্যাচে ফল আসা খুবই সম্ভব বলে মনে করছেন তিনি।
টাইগারদের প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। হ্যামিলটন টেস্টে প্রথম ইনিংসে ৪৯ ওভার বল করে ২৪৬ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছেন মিরাজ। তার বোলিং ইকোনোমি রেট ৫.০২। এর আগে বাংলাদেশের কোনো বোলার টেস্টে এক ইনিংসে এতো রান দেননি। বাজে পারফর্ম্যান্স স্বরূপ জায়গা হারান তাইজুলের কাছে।
অন্যদিকে খালেদ আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
প্রথম টেস্টে খালেদ-জায়েদ-এবাদতকে নিয়ে গড়া পেস অ্যাটাক ব্যর্থ হলে পরিবর্তন আনতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। হ্যামিলটনে প্রথম টেস্টে টাইগাররা ইনিংস ও ৫২ রানের ব্যবধানে হেরেছিল। যদিও তিন তিনটি সেঞ্চুরি এসেছিল টাইগার ব্যাটসম্যানদের কাছ থেকে। কিন্তু প্রথম ইনিংসে বিব্রতকর ব্যাটিংয়ের কারণে বাজেভাবে হার মেনে নিতে হয় টাইগারদের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন,সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদ উল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, এবাদত হসেন, আবু জায়েদ রাহী ও সাদমান ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, জিত রাভাল, রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।
























































