বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মা সেতুসহ ৮ মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয়


পদ্মা সেতুসহ ৮ মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা চলমান ৮টি মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবে পরিকল্পনা মন্ত্রণালয়। ২১ মার্চ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ডাকা হয়েছে প্রকল্পগুলোর পরিচালক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবদের।

ওই বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ককেও (এসডিজি) আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারের প্রকল্প তদারকির দায়িত্বপ্রাপ্ত সংস্থা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ বৈঠকের আয়োজন করেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান রোববার বলেন, প্রধানমন্ত্রী সরাসরি এসব প্রকল্পের তদারকি করেন। যেসব প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হবে- পদ্মা বহুমুখী সেতু, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (মেট্রোরেল), পদ্মা বহুমুখী সেতুতে রেল সংযোগ, দোহাজারী রামু হয়ে কক্সবাজার এবং রামু-মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত সিংগেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার (রামপাল বিদ্যুৎ কেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার এবং পায়রা গভীর সমুদ্র বন্দর পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদির উন্নয়ন।

জানুয়ারি পর্যন্ত পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতু নির্মাণের ভৌত কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। আর সার্বিকভাবে প্রকল্পটির অগ্রগতি ৬৩ শতাংশ। এছাড়া নদী শাসন কাজের ক্রমপুঞ্জিত অগ্রগতি ৫০ শতাংশ। জাজিরা অংশে সংযোগ সড়ক, মাওয়া অংশের সংযোগ সড়ক এবং সার্ভিস এরিয়া-২ এর কাজ শেষ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি ৯১ লাখ টাকা।

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মেগা প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দও রয়েছে এ প্রকল্পে।

অর্থাৎ ১১ হাজার ৯৯ কোটি ২৬ লাখ টাকা। ২০১৬ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। শুরু থেকে ক্রমপুঞ্জিত ব্যয় হয়েছে ১০ হাজার ২০৭ কোটি ২৫ লাখ টাকা। পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধার উন্নয়নের জন্য একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩ হাজার ৩৫০ কোটি ৫১ লাখ টাকা। চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ৫০০ কোটি টাকা। ২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা। শুরু থেকে গত বছরের আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৫৩ লাখ টাকা।

পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পটি চীন সরকারের অর্থায়নে জি টু জি পদ্ধতিতে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির অনুকূলে চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ৫ হাজার ৩৩০ কোটি ৩৭ লাখ টাকা। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের কথা রয়ছে। শুরু থেকে আগস্ট পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় ৯ হাজার ৮৮ কোটি ৫১ লাখ টাকা।

সার্বিক ভৌত অগ্রগতি হয়েছে ১৫ দশমিক ২ শতাংশ এবং আর্থিক অগ্রগতি হয়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ৩ হাজার ৯০২ কোটি ৫০ লাখ টাকা। ২০১২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। শুরু থেকে আগস্ট পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে ২৩ দশমিক ২২ শতাংশ।

দোহাজারী-রামু হয়ে কক্সবাজার এবং রামু-মিয়ানমারের কাছে ঘুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১৮ হাজার ৩৪ কোটি ৪৮ লাখ টাকা। চলতি অর্থবছরে প্রকল্পটির অনুকূলে বরাদ্দ ছিল ১ হাজার ৪৫০ কোটি টাকা। ২০১০ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা। শুরু থেকে আগস্ট পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয় ৩ হাজার ২০৫ কোটি টাকা।

ভৌত অগ্রগতি ১১ শতাংশ। রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। ২০০৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা। শুরু থেকে গত মাস পর্যন্ত প্রকল্পটির আর্থিক অগ্রগতি ১৭ দশমিক ৭৬ শতাংশ এবং সার্বিক অগ্রগতি ১০ দশমিক ৯৯ শতাংশ। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। ২০১৪ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা। শুরু থেকে আগস্ট পর্যন্ত আর্থিক অগ্রগতি ১৭ দশমিক ৮৭ শতাংশ এবং সার্বিক অগ্রগতি হয়েছে ১৮ দশমিক ৬৭ শতাংশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি