শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ কেবিনে নেয়া হবে ওবায়দুল কাদেরকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের আরও উন্নতি হচ্ছে। আজ তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু নাসার রিজভী রোববার সকালে এ তথ্য জানান।

ডা. রিজভী বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি চিকিৎসক এবং পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক কথা বলছেন। এর আগে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্তিন কুমার সামি কাদেরের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি পরিবারের সদস্যদের জানান।

শনিবার অধ্যাপক রিজভী জানিয়েছিলেন, সেতুমন্ত্রী কাদেরের শরীর থেকে সব ধরনের যন্ত্র খুলে ফেলা হয়েছে। তিনি এখন সব ডিভাইসমুক্ত। তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। ওবায়দুল কাদেরের হৃদযন্ত্র ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে এবং তার রক্তের সংক্রমণ ও কিডনির অবস্থাও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরা জানিয়েছেন। প্রসঙ্গেত, ৬৭ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ, ডায়াবেটিস ছাড়াও শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডিতে (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) ভুগছেন। ৩ ফেব্রুয়ারি ভোররাতে শ্বাসকষ্ট শুরু হলে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি মেজর ব্লকসহ একাধিক ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি