
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী রোহিঙ্গা ইস্যুতে কে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। রোববার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। তিনি বলেন, ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন বাংলাদেশের জন্য একটি বোঝাস্বরূপ। আমরা এই ইস্যুতে বাংলাদেশের পাশে রয়েছি।
বৈঠকের পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ভারতের হাইকমিশনারকে উদ্ধৃত করে প্রেস সচিব ইহসানুল করিম এ কথা বলেন।
ভারতের হাইকমিশনার বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার এই মহান মানবিক ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে।
বৈঠকে রিভা গাঙ্গুলী ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন শেখ হাসিনাকে। এ সময় বাংলাদেশকে ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং উন্নয়ন অংশীদার হিসেবেও তিনি বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশে এই সময়ের মধ্যে যেসব পরিবর্তন সাধিত হয়েছে এবং উন্নয়ন ঘটেছে তাতে তিনি অভিভূত।
ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সহযোগিতার আরও নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
‘ভারত-বাংলাদেশ যৌথ কমিশনকে কার্যকর করা হয়েছে’ উল্লেখ করে এ বিষয়ে দিল্লি তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান হাইকমিশনার।
দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় বেলা ১টা ১০ মিনিটে নিজ নিজ রাজধানী থেকে প্রকল্পগুলো উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করবেন। দুই প্রধানমন্ত্রী বাকি যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হল- ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ।
সরকারি কর্মচারী কল্যাণ ভবনের নকশা দেখলেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজধানীর দিলকুশায় নির্মিতব্য বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ভবনের নকশাটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দেখেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘স্থাপত্য বিভাগের প্রধান নির্বাহী স্থপতি কাজী গোলাম নাসির পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নকশাটির ব্যাখ্যা করেন।’
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ সরকারি কর্মচারী কল্যাণ ভবনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নকশা সম্পর্কিত কিছু নির্দেশ দিয়েছেন এবং তাদের আবারও বসার জন্য বলেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।
অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী : নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ‘অ্যাডমিরাল’ পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাংক পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একেএম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মা সাহেরা চৌধুরী। তিনি ১৯৭৮ সালের ১০ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন।






















































