মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষুব্ধ কোহলি ডিআরএস নিয়ে 


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট: ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) কাজ হচ্ছে ভুল সংশোধন করা। সেখানে সেটিতে ভুল হলে সংকটই বটে! এ যেন সর্ষে ক্ষেতে ভূত! এমন ‘ভূতই’ বারবার আবির্ভূত হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে। তৃতীয়টির পর চতুর্থ ম্যাচেও ডিআরএস সিস্টেমে ভুল হয়েছে!

প্রযুক্তির এমন মাতাল আচরণে হতাশ স্বাগতিক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, ডিআরএসের এমন অসংলগ্ন আচরণ বা ব্যবহার আশ্চর্যজনক।

তিনি বলেন, ডিআরএসের সংকেত আমাদের কাছে আশ্চর্যজনক ঠেকেছে। প্রতি ম্যাচেই এর উদ্ভট সিদ্ধান্ত আলোচনা-সমালোচনার খোরাক জোগাচ্ছে। সঠিক সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না। তাতে নাখোশ অনেকেই।

রোববার সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের ৪৪তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ আউটের আবেদন করেন রিশভ পন্ত। আম্পায়ার নাকচ করে দিলে রিভিউয়ের আশ্রয় নেয় ভারত।

এসময় স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটের কানা স্পর্শ করেছে। তবে নটআউট দেন তৃতীয় আম্পায়ার। এটি মূলত তার প্রযুক্তিগত ব্যবহারের ভুল। স্বাভাবিকভাবেই বিষয়টিই হতাশ করেছে ভারতীয় অধিনায়ককে।

যার ব্যাট ছুঁয়ে বল উইকেটরক্ষকের তালুবন্দি হওয়ার দাবি করে ভারত, সেই অ্যাস্টন টার্নারই শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন। মাত্র ৪৩ বলে ৫ চারের বিপরীতে ৬ ছক্কায় ৮৪ রানের হার না মানা বিধ্বংসী ইনিংস খেলে জেতেন ম্যাচসেরার পুরস্কার।

কোহলি বলেন, এটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো একটি মুহূর্ত ছিল। বল ব্যাটসম্যানের ব্যাট ঘেঁষেই ছিল। আমাদের সবার চোখ বড় পর্দায় ছিল। দেখাচ্ছিল ব্যাটে বল স্পাইক করছে। এতে আমার হৃদয়ের স্পন্দন বেড়ে গিয়েছিল।

শুধু টার্নার নয়, ডিআরএসের সঠিক ব্যবহার হলে আগেভাগেই নাকি ফেরত যেতেন ৯১ রান করা উসমান খাজা। তৃতীয় ওয়ানডেতে অ্যারন ফিঞ্চের আউট হওয়া নিয়েও প্রশ্ন আছে। উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজ ২-২ ব্যবধানে সমতায় আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি