বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ক্রাইস্টচার্চের মসজিদে অসংখ্য মৃতদেহের স্তূপের সঙ্গে মৃত্যুর ভান করে পড়ে থাকায় বেঁচে যান কিশোরগঞ্জের মাসুম


ক্রাইস্টচার্চের মসজিদে অসংখ্য মৃতদেহের স্তূপের সঙ্গে মৃত্যুর ভান করে পড়ে থাকায় বেঁচে যান কিশোরগঞ্জের মাসুম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ ক্রাইস্টচার্চের মসজিদে অসংখ্য মৃতদেহের স্তূপের সঙ্গে মৃত্যুর ভান করে পড়ে ছিলেন মাসুম। এরপর জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়। এ দিন রাতেই সুস্থ হয়ে বাসায় যান মাসুম। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি তিনি। সন্ত্রাসী হামলার সেই ভয়ঙ্কর ও বিভীষিকাময় স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে মাসুমকে।

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামের সাবেক এমপি মরহুম হাবিবুর রহমান দয়ালের ছোট ছেলে ওমর জাহিদ মাসুম (৩৪)।

মাসুম পরিবারের সদস্যরা জানান, ক্রাইস্টচার্চ এলাকায় কিশোরগঞ্জ জেলার অনেকে বসবাস করেন। প্রতি শুক্রবার তারা আল নূর মসজিদেই জুমার নামাজ আদায় করে থাকেন।

মাসুমের বড় ভাই অ্যাডভোকেট ওমর জাকির বাবুল জানান, গত শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য ওই মসজিদে যান ওমর জাহিদ মাসুম। জুমার নামাজ আদায় করতে গিয়ে তিনি সন্ত্রাসী হামলার মুখে পড়েন। এ সময় একটি গুলি তার পেটের মাংস স্পর্শ করে চলে গেলেও তার তেমন কোনো ক্ষতি হয়নি।

মিরপুর বাংলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তথ্য প্রযুক্তিতে (আইটি) উচ্চতর ডিগ্রি লাভের জন্য ২০১৫ সালের স্টুডেন্ট ভিসায় নিউজিল্যান্ড যান ওমর জাহিদ মাসুম। পড়াশোনা শেষ করে সেখানকার একটি সুপার শপ এবং একটি পেট্রল পাম্পের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি