ডেস্ক রিপোর্ট :
বৃহস্পতিবার থেকে শুরু হলো ভারতের ১৭ তম লোকসভা নির্বাচন। প্রথমদিন ১৮টি রাজ্যের ৯১টি কেন্দ্রে ভোট। ভোট হচ্ছে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলেও। একইসঙ্গে চারটি রাজ্যের বিধানসভা ভোট হচ্ছে। এবার মোট সাত দফায় ভোট নেওয়া হবে। এপ্রিল মাসে আরও তিনদিন ভোট হবে। মে মাসেও তিনদিন ভোট নেওয়া হবে। প্রথম পর্বের ভোটগ্রহণ চলছে- পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, উড়িষ্যা, ত্রিপুরা, উত্তরপ্রদেশের কিছু অংশে।
আরও ১৭টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গেও ভোটগ্রহণ আজ। যে ৭টি দফায় ভোট নেওয়া হবে এবারের লোকসভা নির্বাচনে। সেই ৭টি দফাতেই ভোট হবে বাংলার কোনও না কোনও আসনে। আজ তার শুরু উত্তরবঙ্গ থেকে।
কোচবিহার ও আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের এই দু’টি আসনে আজ ভোটগ্রহণ। দুই আসনেই যে মূল লড়াই তৃণমূল ও বিজেপি’র মধ্যে সেবিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের সংশয় কমই। শুধু এই দুই কেন্দ্রে অবশ্য নয়, পশ্চিমবঙ্গের অধিকাংশ আসনেই এ বার মূল লড়াই রাজ্যের শাসক দল ও দেশের শাসক দলের মধ্যে।
প্রধান বিরোধী শক্তি হিসেবে বিজেপি’র উত্থানের পরে এই প্রথম লোকসভা নির্বাচনের মুখোমুখি পশ্চিমবঙ্গ। তাই বাংলার তো বটেই, গোটা দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের নজরই বিশেষ ভাবে থাকছে বাংলার দিকে।
কোচবিহারের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়কে এ বার টিকিট দেয়নি তৃণমূল। টিকেট দিয়েছে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নেতা তথা বাম আমলের মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে। অন্যদিকে, বিজেপি’র টিকেটে লড়ছেন জেলা তৃণমূলের এককালের দাপুটে যুবনেতা নিশীথ প্রামানিক।
আলিপুরদুয়ারে অবশ্য এবারও প্রার্থী হয়েছেন বিদায়ী তৃণমূল এমপি দশরথ তির্কে। আর বিজেপির টিকেটে লড়ছেন আদিবাসী আন্দোলনের অত্যন্ত পরিচিতমুখ জন বার্লা।
দুই কেন্দ্রেই কড়া টক্কর তৃণমূল ও বিজেপির। এলাকায় উত্তেজনাও যথেষ্ট। তাই যত বেশিসংখ্যক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন।
এবার সারাদেশে প্রায় ১০ লাখেরও বেশি গণনা কেন্দ্রে ভোট নেওয়া হবে শুধু ভারতে নয় গোটা বিশ্বের হিসেবে এটা একটি রেকর্ড মোট ১১ লাখ ইভিএমে নিজেদের মত জানাবেন ভোটাররা এবারের নির্বাচনে ভি ভি প্যাটও থাকছে।

























































