শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নুসরাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার বিচারের দাবিতে বঙ্গভবন, ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন জায়গায় মানববন্ধন চলছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত এবং প্রেসক্লাবসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করছে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি , বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ফেনী সমিতি ঢাকা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছে।

ফেনী সমিতির সহ-সভাপতি রাজু বলেন, সাধারণভাবে বিচার করলে হবে না, যাতে করে সারা বাংলাদেশে এরকম হত্যাকাণ্ড না হয় এরকম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রধানমন্ত্রীর কাছে আবেদন, প্রচারের মাধ্যমে সবাইকে জানিয়ে কঠোর বিচার করুন।

মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাতসহ সারাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর তদন্তসাপেক্ষ সুষ্ঠু বিচার দাবি তাদের। তারা বলছেন, নুসরাতের বিচার যতদিন নিশ্চিত হবে না, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।

নুসরাত তনুসহ দেশের প্রতিটি প্রান্তে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার নিশ্চিত হলেই এধরণের হত্যাকাণ্ডের অবসান হবে বলে মনে করেন তারা। বক্তারা বলেন, ধর্ষণের ক্ষেত্রে তদন্ত ঠিকমতো না হওয়া, বিচারের দীর্ঘসূত্রিতা এবং প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহারের ফলেই বিচার আলোর মুখ দেখে না।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তোমার আহ্বান দেশের ১৬ কোটি মানুষ গ্রহণ করে প্রতিবাদ জারি রেখেছে। অপরাধীরা জানে সরকারি দলে থাকলে অপরাধের বিচার হয় না। এর সাথে জড়িত শাষক দল। অপরাধীরা যখন যে দল ক্ষমতায় আসে, তাদের ছত্রছায়ায় অপরাধী কর্মকাণ্ড চালায়। তারা জানে, সরকারি দলে থাকলে পার পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার নির্বাচনের আগের দিনের ভোটে ক্ষমতায় এসেছে আর যারা এই কাজে সহায়তা করেছ তাদের পুরষ্কার হিসেবে চলছে আবাধে লুটপাট, হত্যা আর ধর্ষণ।

বাংলাদেশ মহিলা পরিষদের একটি পরিসংখ্যানে বলা হচ্ছে, ২০১৮ সালে ৯৪০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। বাস্তবিক অর্থে ওই সংখ্যাটি খুবই কম। কারণ গণমাধ্যমে মাত্র ২০ শতাংশ ঘটনা প্রকাশ হয়। শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় ৬ শতাংশ বিচার আলোর মুখ দেখে।

বঙ্গভবন থেকে শুরু করে গণভবন পর্যন্ত ১০টির বেশি জায়গায় মানব বন্ধন চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি