ডেস্ক রিপোর্ট :
ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর ঘোষণাপত্র। এটি বিক্রি হয়ে যাচ্ছে। ১৪ এপ্রিল তাঁর মৃত্যু বার্ষিকীকে সামনে রেখে বিক্রির জন্য তোলা হচ্ছে এই দুর্লভ নথি।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ ও বিক্রয় প্রতিষ্ঠান রাব কালেকশন সম্প্রতি টেলিগ্রামে প্রেরিত আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর আসল ঘোষণাপত্রটি আবিষ্কার করে। এটি পাঁচ লক্ষ ডলারে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে।
রাব কালেকশনের প্রেসিডেন্ট নাথান রাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘এই নথির মাধ্যমে জাতির উদ্দেশ্যে দাপ্তরিকভাবে রাষ্ট্রপতির মৃত্যুর খবর জানানো হয়েছিল। এটি আমাদের এক দুর্লভ সংগ্রহ।’
১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসি-তে অবস্থিত ফোর্ড থিয়েটারে এক আততায়ী গুলি করে হত্যা করে আব্রাহাম লিঙ্কনকে। তাঁর মরদেহ নেওয়া হয় পিটারসন হাউসে। সেখানে যোগ দেন তৎকালীন সেক্রেটারি অব ওয়ার এডউইন স্ট্যানটন এবং আব্রাহাম লিঙ্কনের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধান টেলিগ্রাফ কর্মকর্তা থমাস এসকার্ট।
ওইদিন সকাল ৭টা ২২ মিনিটে প্রেসিডেন্টকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। এরপর স্ট্যানটনের নির্দেশ মতো এসকার্ট একটি টেলিগ্রাম প্রস্তুত করেন। টেলিগ্রামপত্রে ওয়ার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে স্বাক্ষর করেন স্ট্যানটন।
টেলিগ্রামপত্রে লেখা হয় ‘আজ সকাল ৭টা ২২ মিনিটে আব্রাহাম লিঙ্কন মারা গেছেন।
রাব কালেকশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই টেলিগ্রামটি মূলত ইসকার্টের হাতে লেখা ছিল।’ এতে আরো বলা হয়, ‘আব্রাহাম লিঙ্কনের মৃত্যু সংবাদ জাতি কীভাবে জানতে পেরেছিল, এই পত্রটি তার প্রমাণ।’
ডকুমেন্ট হারিয়ে গিয়েছিল বলে মনে করা হয়। তবে এক সিভিল ওয়ার জেনারেলের পরিবার বংশানুক্রমে এটি সংরক্ষণ করে। সেখান থেকে এটি উদ্ধার করে রাব কালেকশন। এটি পাঁচ লাখ ডলারে বিক্রি হবে বলে মনে করা হচ্ছে।

























































