বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাহিদের শপথগ্রহণ : ঠাকুরগাঁওয়ে মিশ্র প্রতিক্রিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

একাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় প্রার্থী জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় ঠাকুরগাঁওয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে জাহিদকে দল থেকে বহিষ্কারের দাবি জানালেও এলাকার সাধারণ ভোটাররা তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও জাহিদের শপথ নেওয়াকে সাধুবাদ জানান। দেশ রূপান্তর

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন জাহিদুর রহমান। দলের সিদ্ধান্ত না মানার ব্যাখ্যায় তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তাকে নির্বাচিত করেছে এলাকার জনগণ। তাদের প্রত্যাশা পূরণ করতেই তিনি শপথ নিয়েছেন।

জাহিদুর রহমান শপথ নেওয়ায় তাকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, জাহিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দল থেকে তাকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে।

তবে একই সংসদীয় এলাকার সাধারণ ভোটার এবং স্থানীয় একটি কলেজের শিক্ষক আসাদুজ্জামান আসাদ জানালেন ভিন্ন প্রতিক্রিয়া। তিনি বলেন, এমপি জাহিদ শপথ নিয়ে এলাকার সাধারণ ভোটারদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটিয়েছেন। এলাকার স্বার্থে ও এলাকার উন্নয়নে তিনি ভূমিকা রাখবেন বলে আশা করছি।

অন্যদিকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু জাহিদের শপথ নেওয়াকে সাধুবাদ জানিয়ে বলেন, জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে ওই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য। নিশ্চয়ই তিনি এটা অনুধাবন করে শপথ নিয়েছেন। এর মাধ্যমে তিনি জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি