ডেস্ক রিপোর্ট :
সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্ৰেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা কারীদের সাথী হওয়ায় পবিত্র রমজানের প্রথম সপ্তাহে তাদের আটক করা হলো।
দেশটির সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইন জানায়, গত ৫ এবং ৭মে দেশটির তেরেঙ্গানু ও ক্লাং উপত্যকা থেকে অভিযান চালিয়ে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ তাদেরকে আটক করে। আর হামলা পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে এমন আরও তিনজনকে আটকে অভিযান চলছে।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক দাতুক সেরী আব্দুল হামিদ গতকাল ১৩ ই মে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন , কাউন্টার টেররজিম ইউনিটের অভিযানে আটক সন্দেহভাজন ওই চার হামলাকারীর একজন মালয়েশিয়ান, দুজন রোহিঙ্গা এবং বাকি একজন ইন্দোনেশিয়ার নাগরিক, আটক ২ রোহিঙ্গা মায়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল।
দাতুক সেরী আব্দুল হামিদ স্থানীয় সাংবাদিকদের আরো বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট দেশটির খ্রীষ্টান, হিন্দু এবং বৌদ্ধধর্মাবলম্বীদের উপাসানলয়সহ বড় বড় বিনোদনকেন্দ্রগুলোতে বৃহৎ আকারের হামলার পরিকল্পনা করছে।
জানা যায়, আটক ওই ৪ ব্যক্তি দেশটির বিভিন্ন ভিআইপি মর্যাদার ব্যক্তি এবং অমুসলিমদের বিভিন্ন প্রার্থনালয়ে হামলার পরিকল্পনা করেছিল। দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের গোপন শাখা আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

























































