বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশে আরও ২৮১ দিন কার্যক্রম চালাতে পারবে অ্যাকর্ড


বাংলাদেশে আরও ২৮১ দিন কার্যক্রম চালাতে পারবে অ্যাকর্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত গার্মেন্টস কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের কার্যক্রম চালাতে ২৮১ দিন সময় দিয়েছেন আপিল বিভাগ।

পাশাপাশি এই সময়ের মধ্যে অ্যাকর্ড বিজিএমইএর সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্বারক (এমওইউ) অনুসারে সব দায়িত্ব হস্তান্তর বিজিএমইএকে করবে।

এ ছাড়া অ্যাকর্ডের ভেতর বিজিএমইএর একটি সেল গঠন করা হবে এবং অ্যাকর্ড ও বিজিএমইএ যৌথভাবে কারখানা পরিদর্শন ও এর নিরাপত্তা নিশ্চিতে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে অ্যাকর্ডের পক্ষে সময় আবেদনের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এছাড়া বিজিএমইএর পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

প্রসঙ্গত ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর ওই বছরের ১৫ মে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২০০টি ব্র্যান্ড এবং খুচরা ক্রেতা ও কয়েকটি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়।

সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, অ্যাকর্ডের পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ছয় মাস সময় এ দেশে কাজ করার সুযোগ দেয়া হয় অ্যাকর্ড এবং অন্য ক্রেতাজোট উত্তর আমেরিকার অ্যালায়েন্সকে। বর্ধিত সেই মেয়াদও শেষ হয়েছে।

এরপর সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে চূড়ান্ত রায় দিয়ে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে অ্যাকর্ডকে নির্দেশ দেন। এর পর মামলাটি আপিল বিভাগে যাওয়ার পর থেকে বারবার সময় আবেদন করে আসছিল অ্যাকর্ড।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি