ডেস্ক রিপোর্ট :
শুক্রবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে ইংল্যান্ড না গিয়ে তিন দিনের জন্য পরিবারকে সময় দিতে দেশে ফিরে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আগামী বুধবার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি।
তবে দেশে ফিরে ক্রিকেটের বাইরেও যে বড় একটা দায়িত্ব রয়েছে তার, সে কথা মোটেই ভোলেননি মাশরাফি। তাই তো কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের নির্দেশ দিয়েছেন নড়াইল-২ আসনের এ সংসদ সদস্য। রোববার রাতে জেলা প্রশাসককে ফোন করে তিনি এ নির্দেশ দেন।
গত শনিবার দেশে ফিরে রাতেই জানতে পারেন নিজ এলাকার কৃষকরা ধানের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এত কম দামে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে যে, তাদের উৎপাদন খরচও উঠছে না। যেখানে এক মণ ধান সরকার ক্রয় করছে ১ হাজার ৪০ টাকায়, সেখানে নড়াইলের হাটবাজারে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকায়। বিষয়টি জানার পর রোববার রাত ১০টার দিকে সংসদ সদস্য মাশরাফি জেলা প্রশাসক আনজুমান আরাকে ফোন করে এ বিষয়ে কথা বলেন।
কৃষকদের বাঁচাতে উদ্যোগ নিতে বলেন। সরাসরি যাতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাশরাফি বলেন, ‘কোনো সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয় করা হচ্ছে, এমন প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
জেলা প্রশাসক আনজুমান আরা মাশরাফির ফোনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরাও চাই কৃষক যাতে তাদের কষ্টে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।























































