ডেস্ক রিপোর্ট :
আন্দ্রে রাসেল মানেই বোলারদের যম। বিশ্বকাপে আজ পাকিস্তান-উইন্ডিজ ম্যাচে রাসেলকে ভয়ংকর রূপেই দেখতে চান ক্যারিবীয় সমর্থকেরা
আন্দ্রে রাসেল মানেই তো প্রতিপক্ষের জন্য বাড়তি টেনশন। বোলারদের তুলোধুনো করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ক্যারিবীয় এই অলরাউন্ডারের জুড়ি নেই। আইপিএল মাতিয়েছেন। রাসেলের দৃষ্টি এই মুহূর্তে বিশ্বকাপে। নিজের সেরাটা দিতে চান তিনি। আর তাঁর মতো ক্রিকেটার যখন নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকেন, সেটি প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। আজ ট্রেন্টব্রিজে এই বাড়তি চাপটা নিতেই হচ্ছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে।
আইপিএলের পর চোটের কারণে খেলতে পারেননি আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। যেখানে বাংলাদেশের হাতে তিন ম্যাচে নাকাল হয়েছে উইন্ডিজ। রাসেল খেললে কী হতো, ক্যারিবীয়রা বদলে যেত কি না, সেটি অন্য আলোচনা। তবে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতার পরেও রাসেল উইন্ডিজের ব্যাটিংকেই শক্তি মনে করছেন। শাই হোপ দুর্দান্ত ফর্মে আছেন। শিমরন হেটমায়ার, এভিন লুইস, নিকোলাস পুরানের সঙ্গে যোগ করুন রাসেল আর গেইলকে। এই দলকে বাদ দিয়ে চিন্তা করার অবকাশ নেই। রাসলেও সেটিই মনে করেন, ‘আমার কাছে ব্যাটিংটাই আমাদের বড় শক্তি। ওপেনিংয়ে গেইলের সঙ্গে আছে এভিন লুইস, এরপর ব্রাভো, হেটমায়ার, শাই হোপ, আমি, জেসন, কার্লোস, নিকোলাস। সবাই আইপিএল থেকে বেশ ভালো ফর্ম নিয়েই এসেছে। আমরা সবাই জানি, তারা কী করতে পারে। আমাদের এই বিশ্বকাপ ব্যাটিং দিয়ে জিততে হবে, কারণ বেশির ভাগ দলই সহজে ৩০০ রান করতে পারবে।’
নিজের আইপিএলের ফর্মটাই বিশ্বকাপে টেনে নিতে পারবেন কি না, সে বিষয়ে রাসেল নিজেও নিশ্চিত নন। এর কারণ, টি-টোয়েন্টি বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে ৫০ ওভারের ক্রিকেটের পার্থক্য। তবে সবাই যে আইপিএলের রাসেলকে দেখার জন্য মুখিয়ে, সেটি মানেন তিনি—‘অন্যান্য লিগে, বিশেষ করে আইপিএলে আমি যেভাবে খেলি, তা দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন। আমাকে অনেকেই বলেছেনও বিশ্বকাপে আমাকে দেখার জন্য তাঁদের তর সইছে না।’
টি-টোয়েন্টির সঙ্গে ওয়ানডে ক্রিকেটের পার্থক্যটার কথাও জানিয়েছেন রাসেল, ‘২০ ওভার আর ৫০ ওভারের ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। সম্পূর্ণ অন্য রকম অনুভূতি। ধরনও অন্য রকম। আপনি যদি টি–টোয়েন্টির দিকে তাকান, সেখানে আমি ব্যাটিংয়ে নামি সাধারণত ৩০ বল বাকি থাকতে। এটা সম্পূর্ণ ভিন্ন মানসিকতার ব্যাপার। আমি এর জন্য নিজেকে প্রস্তুত করছি।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাত্তা না পেলেও বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোই সেরেছে ওয়েস্ট ইন্ডিজ দল। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ৪২১ রানই তার বড় প্রমাণ।

























































