সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » পদ্মা সেতুর ৬৯ ভাগ কাজ শেষ, চলতি মাসেই বসছে আরো ২ স্প্যান


পদ্মা সেতুর ৬৯ ভাগ কাজ শেষ, চলতি মাসেই বসছে আরো ২ স্প্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

আগামী মাসের মধ্যে শেষ হবে পদ্মা সেতুর সবগুলো পিলারে খুঁটি বসানোর কাজ। এখন পর্যন্ত সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো কাজ শেষ হয়েছে ২৫টির। এছাড়া চলতি মাসে সেতুতে ২টি স্থায়ী স্প্যান বসানোর কথা রয়েছে বলে জানিয়োছন প্রকল্প পরিচালক।

শুরুতে নকশা জটিলতাসহ নানা কারণে কাজে ধীরগতি থাকলেও এখন অনেকটাই দ্রুত এগুচ্ছে পদ্মা সেতুর কাজ। পুরো কাজ শেষ হওয়া পিলারগুলোতে একটির পর একটি যোগ হচ্ছে স্প্যানও। দুই প্রান্ত মিলিয়ে এখন দৃশ্যমান প্রায় ২ কিলোমিটার।

তবে এ কাজে নতুন মাত্রা আসতে যাচ্ছে মধ্য জুলাইয়ে। সেতুর ৪২টি পিলারের ২৯৪টি খুঁটির মধ্যে ২৩৬টি পুরো এবং ১৬টির অর্ধেক কাজ শেষ হয়েছে। বাকী খুঁটিগুলোর কাজ শেষ করতেও এখন কোনো জটিলতা নেই।

পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, ২৬টি পিলার বসানো হয়ে গেছে। প্রতি মাসেই আরো একটা দুইটা করে হতে থাকবে।

খুঁটি বসানোর কাজ শেষে এগুলোর উপরের অংশে রড সিমেন্টের ঢালাই দেয়া হলেই আকৃতি পাবে এক একটি পূর্ণাঙ্গ পিলার। এ কাজে সময় লাগবে আরো দুই মাসের মতো। পুরো প্রকল্পের কাজের মধ্যে নদীতে খুঁটি বসানো সবচে কঠিন বলে এটি শেষ হলেই সেতুর কাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকল্প পরিচালকের।

প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এখন পর্যন্ত মূল সেতুর কাজ ৭৮ শতভাগ, নদী শাসনের কাজ ৫৭ শতভাগ এবং সব মিলিয়ে পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৯ ভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি