শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » সামরিক গুপ্তচর ড্রোন ভূপাতিত প্রতিশোধ নিতে ইরানে হামলার সিদ্ধান্ত, বললেন ট্রাম্প


সামরিক গুপ্তচর ড্রোন ভূপাতিত প্রতিশোধ নিতে ইরানে হামলার সিদ্ধান্ত, বললেন ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, হরমুজ প্রণালীতে একটি সামরিক গুপ্তচর ড্রোন ভূপাতিত করার প্রতিশোধ নিতে ইরানে হামলার পরিকল্পনা করা হলেও ১৫০ জনের প্রাণহানীর আশঙ্কায় তা বাতিল করা হয়। তবে তিনি আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছেন বলে জানান।

গত বৃহস্পতিবার ইরান মার্কিন একটি গ্লোবাল হক নজরদারি ড্রোন ভূপাতিত করার পর তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ব্যাপক টানাপোড়েন শুরু হয়। এতে ইরানে সামরিক হামলার পরিকল্পনা করে ট্রাম্প প্রশাসন। ড্রোনটি আন্তর্জাতিক জলসীমায় ভূপাতিত করা হয় বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও ইরান বলছে নিজেদের জলসীমায় অনুপ্রবেশ করায় তা ধ্বংস করা হয়।

ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধ চাই না। তবে যদি যুদ্ধ লাগে বিশ্ব ইরানে একটি মারাত্মক বিপর্যয় প্রত্যক্ষ করবে। সেখানে এমন ধ্বংসাত্বক ঘটনা ঘটবে যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু আমি তা করতে চাই না। তাই পরপর দুই দফায় তেল ট্যাঙ্কারে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ইরানের সঙ্গে চলমান বিরোধ কূটনৈতিকভাবে নিরসনের পরিকল্পনা ছিলো।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাতে ইরানে হামলা চালাতে সম্পূর্ণ প্রস্তুত ছিলো। কিন্তু হামলার মাত্র ১০ মিনিট আগে সিদ্ধান্ত বাতিল করা হয়।

ট্রাম্পের মন্তব্যের জেরে ইরানের এক কর্মকর্তা বলেন, ‘মার্কিন কর্মকর্তারা যে আলোচনা চায় না তা আমরা স্পষ্টতই প্রমাণিত হয়েছে। ওমানের কর্মকর্তাদেরও জানিয়ে দেয়া হয়েছে যে, ইরানের ওপর হামলা হলে এর জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতি ভোগ করতে হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি