শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ল্যাপটপ ও প্রিন্টার কেনার টেন্ডারে অনিয়ম তদন্তের নির্দেশ সিইসির


ল্যাপটপ ও প্রিন্টার কেনার টেন্ডারে অনিয়ম তদন্তের নির্দেশ সিইসির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৯

ডেস্ক রিপোর্ট :

৫১৯ উপজেলা ও থানা নির্বাচন অফিসের জন্য নির্বাচন কমিশনের (ইসি) ল্যাপটপ ও প্রিন্টার কেনার টেন্ডারে অনিয়ম তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। রোববার কমিশন সচিবকে এ নির্দেশ দেন। নির্দেশনার তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব মো. আলমগীর।

১৯ জুন ‘সাজানো টেন্ডারে ১৫শ’ ল্যাপটপ-প্রিন্টার ক্রয়’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। রোববার ওই সংবাদের বিষয়ে তদন্ত করতে সচিবকে নির্দেশনা দেন সিইসি। এতে সিইসি লেখেন- ‘অভিযোগ সত্য হলে ব্যবস্থা নিন। কোনোরকম অনিয়মের মাধ্যমে যে কোনো ক্রয় প্রক্রিয়া চলতে দেয়া যাবে না।’

পরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব মো. আলমগীর বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে। সিইসি আমাকে বিষয়টি তদন্ত করে দেখার জন্য বলেছেন। আমরা এসব জিনিসপত্র কেনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাইব। যুক্ত কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। কোনো ধরনের আর্থিক অনিয়ম সহ্য করা হবে না।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ইসির প্রস্তুতি সম্পর্কে সচিব বলেন, উপনির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। মাঠে রয়েছে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্টসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না। এমনকি অনিয়মের খবর এলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, বগুড়া-৬ আসনে ইভিএম ব্যবহার করা হবে। ভোটারদের মধ্যে উৎসাহ ভালো তবে প্রযুক্তির সঙ্গে সবাই মানিয়ে নিতে না পারায় ফল পাঠাতে কিছুটা দেরি হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি