বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রিফাতের হত্যাকারীদের পালানোর কোনো পথ নাই : আইজিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

রিফাতের হত্যাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, বরগুনার রিফাতকে হত্যার সঙ্গে জড়িত আট আসামিকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক সীমান্তসহ, সড়কপথ, আকাশপথ, রেলপথ সবখানেই নিশ্চিদ্র চৌকি বসানো হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গণপূর্ত অধিদফতর নির্মিত ৬ কোটি ১৮ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে রোববার বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, রিফাত হত্যা মামলায় হওয়া এফআইআরের বাইরেও কেউ জড়িত আছে কিনা সিসিটিভির ফুটেজ দেখে তা শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের কোনো মেট্রোপলিটন এলাকাতেই পুলিশের জনবল ও গাড়ি সংকট থাকবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এসব সমস্যার দ্রুত সমাধান করা হবে।

দুই দিনের সফরে রোববার সকালে তিনি রংপুর আসেন আইজিপি। এদিন তিনি রংপুর রেঞ্জের ওয়েবসাইটের উদ্বোধন, রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভা এবং মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভায় অংশ নেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

আরপিএমপির কমিশনার আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস, রংপুর পুলিশ সুপার মিজানুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি