মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ বাংলাদেশ-ভারত ম্যাচ : দুদলের শক্তি ও দুর্বলতা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

 

ডেস্ক রিপোর্ট :

ভাল পারফরমেন্স করা সত্ত্বেও বিশ্বকাপে কঠিন এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ছাড়া আর কোন উপায় নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে জিতলেই জয়ের আশা বেঁচে থাকবে, আর হেরে গেলে লিগ পর্ব থেকেই এবারের বিশ্বকাপ পর্ব শেষ করতে হবে বাংলাদেশকে। জয় ছাড়া অন্য কোন পথ খোলা না থাকায়, ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জয় করাই এখন একমাত্র লক্ষ্য মাশরাফি বাহিনীর। এমন লক্ষ্য নিয়ে মঙ্গলবার বার্মিংহামের এডজবাস্টনে ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের এজবাস্টনে আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। এই এজবাস্টনেই গত রোববার ভারতের ‘অপরাজিত’ তকমা ছেঁটে দেয় ইংল্যান্ড। স্বাগতিকদের কাছে ৩১ রানে হেরে যায় ভারত।

সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট পাওয়া ভারতকে সেমিফাইনাল নিশ্চিত করতে হলে আজকের ম্যাচসহ বাকি দুই ম্যাচের অন্তত একটিতে জিততেই হবে। এমন সমীকরণের ম্যাচের ভারতের প্রতিপক্ষ আজ বাংলাদেশ।

বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এরপর নানান চড়াই-উতরাই পেরিয়ে সাত ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে সেমিতে খেলার স্বপ্ন ছাড়েনি বাংলাদেশ।

বিশ্বকাপে ভারতকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের আছে। কিন্তু সেটা অনেক বছর আগের কথা। এখনকার ভারত অনেক শক্তিশালী দল। তবে কয়েক বছর ধরেই বাংলাদেশ এমন একটি দল, যারা নিজেদের দিনে যেকোনো দলকেই হারাতে সক্ষম। সে দিনটি আজ হতেই পারে।

ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতার জায়গাগুলো।

ভারতের শক্তি

চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনবার তিন অঙ্কের ইনিংস খেলে ফেলা ওপেনার রোহিত শর্মা ভারতীয় ব্যাটিং লাইনআপের অন্যতম সেরা শক্তি। এ ছাড়া বিরাট কোহলি, কে এল রাহুলের ফর্ম ভারতকে ম্যাচে এগিয়ে রাখবে বলেই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা। বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা পেস জুটি জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির মুখোমুখি হতে হবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।

ভারতের দুর্বলতা

ভারতের ব্যাটিং লাইনআপের টপঅর্ডার সফল হলেও মহেন্দ্র সিং ধোনিনির্ভর মিডলঅর্ডারের দুর্বলতা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোখে পড়েছে। আজকের ম্যাচের আগের দিন ইনজুরির কারণে দলের অলরাউন্ডার বিজয় শঙ্করের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ভারতের জন্যই বড় ধাক্কাই বলা যায়।

বাংলাদেশের শক্তি

চলতি বিশ্বকাপে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সামনে থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন। আট ম্যাচে ৪৭৬ রান করা সাকিব এ মুহূর্তে চলতি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন। একই সঙ্গে ১০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন সাকিব। এ ছাড়া রানের মধ্যে থাকা মুশফিকুর রহিম, লিটন দাস ও মাহমুদউল্লাহরা ভারতীয় বোলারদের পরীক্ষায় ফেলার ক্ষমতা রাখেন।

বাংলাদেশের দুর্বলতা

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বাংলাদেশের বোলিং আক্রমণ এখন পর্যন্ত বিশ্বকাপে বলার মতো খুব একটা বেশি কিছু করতে পারেনি।

এ জন্য সবার আগে শেষ দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। সেই সাথে ইংল্যান্ডের হার কামনা করা ছাড়া আর কোন উপায় নাই টাইগারদের। আর যদি ইংল্যান্ড নিজেদের শেষ ম্যাচও জিতে যায় তবে তারা সেমিফাইনালে চলে যাবে। পাশাপাশি বাংলাদেশ দু’টি ম্যাচ জিতে আর ভারত যদি অন্তত আরও এক পয়েন্ট পেয়ে যায় তবে নিউজিল্যান্ডের সাথে টাইগারদের পয়েন্ট সমান হবে। তখন রান রেটে হিসেব করতে হবে। বর্তমানে রান রেটে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শেষ দুই ম্যাচের রান রেট বেড়ে গেলেই নিউজিল্যান্ডকে টপকানো সম্ভব হবে বাংলাদেশের।

তবে রান রেট বা অন্য সমীকরনের না যেতে চাইলে নিজেদের শেষ দুই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। পাশাপাশি শেষ ম্যাচে ইংল্যান্ডের হার কামনা করতে হবে টাইগারদের। তবেই সেমিফাইনালে পা দিবে মাশরাফির দল। শেষ দুই ম্যাচের প্রথমটি ভারতের বিপক্ষে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি