শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের মতো এতবড় সংকটেও প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বিদেশে: রিজভী


ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের মতো এতবড় সংকটেও প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বিদেশে: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের মতো এতবড় জাতীয় সংকটেও সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেই প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী বিদেশে অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এক জনসচেতনতামূলক র‌্যালিতে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘ভোট চুরি করে ক্ষমতাসীন হওয়ায় দেশের জনগণ সরকারকে ঘৃণা করে। তাই সরকার জনগণকে শত্রু মনে করে। সরকারের কোনো জবাবদিহিতা নেই এবং রাষ্ট্রক্ষমতার জন্য বর্তমান শাসকগোষ্ঠী জনগণকে প্রয়োজন মনে করে না। সেজন্য দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অবহেলা ও অবজ্ঞা করে থাকে।’

এছাড়াও গতকাল বুধবার খারিজ হওয়া বেগম জিয়ার জামিনের আবেদন প্রসঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গোটা দেশবাসী অধীর ও ব্যাকুল হয়ে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে ছিল। সবাই আশা করেছিল, সরকারের সাজানো মিথ্যা মামলায় কারারুদ্ধ দেশনেত্রীকে জামিন দেবেন জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে শেষ আশ্রয়স্থল উচ্চতর আদালত । কিন্তু গোটা দেশবাসীকে হতাশ করে ৭৪ বছর বয়সী চরম অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া হয়েছে। এই রায় নিয়ে দেশের জনগণের সাথে আমরাও হতাশ ও উদ্বিগ্ন।’

জনগণকে সঙ্গে নিয়ে বেগম জিয়ার কারামুক্তিতে রাজপথে নামার জন্য বিএনপি জোর প্রস্তুতি নিচ্ছে বলেও এসময় হুঁশিয়ারি দেন দলের এ সিনিয়র নেতা।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি