ডেস্ক রিপোর্টঃ
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাদের নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করেছে। আগামী শনিবারই আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপির প্রার্থীও শিগগিরই ঘোষণা করা হবে। ইতিমধ্যে দল দুটি মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়ার সময়সূচি ঘোষণা করেছে। এই তিনটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির নীতিনির্ধারকরা তাঁদের প্রার্থী অনেকটাই চূড়ান্ত করে রেখেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই আবারও আওয়ামী লীগের প্রার্থী করার সম্ভাবনা বেশি। আর দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী পরিবর্তনের বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা আছে। তবে শেষ পর্যন্ত সাঈদ খোকনকেই প্রার্থী করার সম্ভাবনা বেশি। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে তাবিথ আউয়াল ও দক্ষিণে ইশরাক হোসেনকে বিএনপির প্রার্থী করার সম্ভাবনা বেশি।
আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে শনিবার
আওয়ামী লীগ আগামীকাল বুধবার থেকে তিন দিন মনোনয়ন ফরম বিতরণ করবে। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়ন ফরম বিতরণ করা হবে। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে। শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যা ৬টায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘যাঁরা মানুষের ভালোবাসা অর্জনে সক্ষম হবেন তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে। এখন যাঁরা মেয়র আছেন তাঁরা কেমন কাজ করেছেন তা মূল্যায়ন করব। শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে আমাদের প্রার্থী চূড়ান্ত হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনে অনেকেই প্রার্থী পরিবর্তন চাচ্ছে। কিন্তু প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা কম।’ ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান দুই মেয়রই আবারও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর যতটুকু সময় পেয়েছি, আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করতে এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, একটি ঐতিহ্যবাহী দল, দেশকে স্বাধীনতা এনে দিয়েছে এ দল। তারা আমার কাজের মূল্যায়ন করবে। তাই আমার প্রত্যাশা, আমি আওয়ামী লীগ থেকে আবারও নমিনেশন পাব।’
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমাদের ৫২ বাজার ৫৩ গলির এই ঢাকা শহরের এমন কোনো অলিগলি নাই যেখানে ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগাতে পারিনি। সব জায়গায় আমি উন্নয়নের ছোঁয়া লাগাতে পেরেছি। নগরবাসী যদি আমাকে ভালোবাসায় সিক্ত করেন, আমাদের কাজগুলো অব্যাহত রাখার সুযোগ দেন, তাহলে সামনের দিনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।’
সিটি করপোরেশন নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতির প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আমাদের নির্বাচনী প্রস্তুতি নিতে বলেছেন। আমরা সাংগঠনিক প্রস্তুতি নিতে শুরু করেছি। মনোনয়ন প্রত্যাশীরা হয়তো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানাচ্ছেন। যিনিই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন, আমরা তাঁকেই জয়ী করতে কাজ করব।’
উত্তরে তাবিথ ও দক্ষিণে ইশরাক হচ্ছেন বিএনপির প্রার্থী!
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের পর জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং জমা নেওয়া হবে ২৭ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে ২৮ ডিসেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে।
বিএনপি ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মাঠ গোছাতে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়েছে। ফলে ঢাকা উত্তর সিটি করপোরেশনে গতবারের বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দুই সিটিতে অংশগ্রহণের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রার্থী কে হচ্ছেন তা এখনো চূড়ান্ত হয়নি। এখন যেহেতু তফসিল ঘোষণার তারিখ জানা গেছে, শিগগিরই আমরা বসে সিদ্ধান্ত নেব কে কে মেয়র প্রার্থী হিসেবে দুই সিটিতে লড়বেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘একটিতে আগের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। সেটি তাঁকে ইতিমধ্যে দল থেকে জানানো হয়েছে। আরেকটিতে নতুন প্রার্থী আসার সম্ভাবনা বেশি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।’
নির্বাচনী প্রস্তুতির প্রসঙ্গে ইশরাক হোসেন কালের কণ্ঠকে জানান, ‘আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি। আশা করি দল থেকে পজিটিভ সিদ্ধান্ত আসবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতি চলছে। সুযোগ পেলে ঢাকা উত্তরের মানুষের জন্য কাজ করতে চাই। দল সিদ্ধান্ত নিলে অবশ্যই আমি মেয়র নির্বাচন করব।’
গত রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা মনে করি, হঠাৎ করে, তড়িঘড়ি করে নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। যেটার পেছনে নির্বাচন কমিশনের যে মূল উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্যটাই আছে বলে আমরা আবার আশঙ্কা করছি। তারা সরকারি দলকে জেতানোর জন্যই এ ধরনের তাড়াহুড়া করে একটি তফসিল ঘোষণা করেছে। আমাদের আগেই সিদ্ধান্ত হয়েছিল, স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে অংশ নেব এবং আমরা নিচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা এই নির্বাচনেও অংশ নেব। তবে সেটা সম্পূর্ণভাবে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
ইভিএম এ সিটি নির্বাচনের বিরোধিতা করে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে যে পুরো নির্বাচনটা ইভিএমে হবে। এটা অত্যন্ত আপত্তিজনক এবং আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই—ইভিএমে যথেষ্ট সুযোগ থাকবে ভোটের ফলাফলকে মেনুপুলেট করার, তাকে নিয়ন্ত্রণ করার। সে জন্য আমরা এই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছি।’
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের। গতকাল সোমবার কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্যদের জানিয়েছি, আমরা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। দ্রুতই আমরা পার্টির সভা ডেকে অংশগ্রহণের প্রক্রিয়া ও প্রার্থী বাছাই প্রক্রিয়া নির্ধারণ করব।’


























































